ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত
০৯:৩৪ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের বিরোধে পারদ ঢাললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। দ্বীপপুঞ্জটিতে তেল উত্তোলনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে মিলেই বলেন, আর্জেন্টিনার দ্বীপগুলোর দাবির পক্ষে পরিবর্তনের হাওয়া বইছে। এ ইস্যুতে নিরপেক্ষ অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে আসতে পারে—এমন ইঙ্গিত পাওয়ায় আর্জেন্টিনার দাবিও আরও জোরালো হয়েছে বলে মনে করেন তিনি।
মিলেই বলেন, ব্রিটিশ ও ইসরাইলি একটি কোম্পানি যে সি লায়ন তেলক্ষেত্রে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তা ‘স্পষ্ট ও তাৎক্ষণিক হুমকি’।
তিনি বলেন, ফকল্যান্ডের কাছে তেল ও গ্যাস উত্তোলনে জড়িত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে। আর্জেন্টিনা যে ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে, কিন্তু বর্তমানে ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকা সেই এলাকায় আর্জেন্টিনার অনুমতি ছাড়া পরিচালিত প্রকল্পকে তিনি দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছেন।
মিলেই জানান, আর্জেন্টিনার বিদ্যমান আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া দ্রুত করতে তিনি একটি ডিক্রি জারি করবেন। শুধু তেল প্রকল্পে সরাসরি যুক্ত কোম্পানি নয়, তাদের অংশীদার, পরিচালক ও সরবরাহকারীদেরও শাস্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এর পাশাপাশি আর্জেন্টিনার কংগ্রেসে একটি জরুরি ‘ন্যাশনাল সার্বভৌমত্ব প্রতিরক্ষা’ বিল পাঠানোর কথা জানিয়েছেন মিলেই। প্রস্তাবিত আইনে ফকল্যান্ডের আশপাশে আর্জেন্টিনার অনুমতি ছাড়া পরিচালিত প্রকল্পের সঙ্গে যুক্ত কোম্পানি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের সুযোগ রাখা হবে।
এমআর/টিএ