© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের শাসনব্যবস্থা উৎখাতই ইসরায়েলের প্রধান লক্ষ্য: নেতানিয়াহু

শেয়ার করুন:
ইরানের শাসনব্যবস্থা উৎখাতই ইসরায়েলের প্রধান লক্ষ্য: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, এই লক্ষ্য এখন ইসরায়েলের নাগালের মধ্যে রয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জেনারেল স্টাফ ফোরামের সঙ্গে রোশ হাশানার এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরানের শাসনব্যবস্থা এখন দুর্বল হয়ে পড়েছে এবং টিকে থাকার জন্য লড়াই করছে।

তিনি বলেন, ‘আমি এই হুমকি একবার ও চিরতরে দূর করার সক্ষমতার ব্যাপারে আত্মবিশ্বাসী, অর্থাৎ এই শাসনব্যবস্থাকে উৎখাত করার। এটিই আমাদের সামনে থাকা প্রধান লক্ষ্য। এটি অসম্ভব নয়, বরং নাগালের মধ্যে।’

ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ইরানের হুমকি কমেছে বলেও দাবি করেন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর থেকে পরিচালিত সামরিক কর্মকাণ্ডের ধারাবাহিকতার কথা উল্লেখ করেন তিনি।

ইসরায়েলের শত্রুদের সতর্ক করে নেতানিয়াহু বলেন, ‘আমাদের সঙ্গে ঝামেলায় জড়িও না। কিছু শিখে থাকলে আমাদের সঙ্গে ঝামেলায় জড়িও না।’

তিনি আরও বলেন, ইসরায়েলের রয়েছে প্রতিপক্ষকে পরাজিত করার মতো শক্তি, দৃঢ়সংকল্প ও অভ্যন্তরীণ ঐক্য।

নেতানিয়াহুর এই বক্তব্যের আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও ইরানকে হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ইরান ইসরায়েলে হামলা চালালে দেশটির শাসনব্যবস্থার সব অবকাঠামো, এমনকি জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দক্ষিণ লেবাননের আলি তাহের রিজ এলাকায় ইসরায়েলি হামলা হলে ইরান যুক্তরাষ্ট্রকে কঠোর পাল্টা জবাবের হুমকি দিয়েছে।

ইসরায়েল দাবি করেছে, ওই এলাকার নিচে হিজবুল্লাহর একটি কৌশলগত ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। আইডিএফ জানিয়েছে, স্থাপনাটি ধ্বংস করার আগে সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বিদেশে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রচেষ্টা জোরদার করেছে ইরানের কুদস ফোর্স ও হামাস।

আসন্ন ইহুদি ধর্মীয় উৎসব এবং ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকীকে কাজে লাগিয়ে বিদেশে বড় ধরনের হামলা চালানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন ইসরায়েলের রাজনৈতিক ও প্রতিরক্ষা নেতৃত্ব।

চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অন্য কোনো ময়দানে নেওয়ার চেষ্টা করতে পারে। এর মাধ্যমে বেশি প্রভাব সৃষ্টি করাই তেহরানের লক্ষ্য হতে পারে বলে ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

এমআই/টিএ

মন্তব্য করুন