© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার শঙ্কায় নেইমার জুনিয়র

শেয়ার করুন:
লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার শঙ্কায় নেইমার জুনিয়র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৩ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
পালমেইরাসের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোট পান সান্তোস ফরোয়ার্ড নেইমার। স্বাস্থ্য পরীক্ষার পর ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।

সান্তোস এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আজ (৪ সেপ্টেম্বর) খেলোয়াড় নেইমারের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।’ ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো-র প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। 

এর আগে সান্তোসের হয়ে লিগের সর্বশেষ তিন ম্যাচেই শুরু থেকে খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালে উঠতে বুধবারের ম্যাচে তাদের সামনে ছিল কঠিন সমীকরণ। কারণ আগেই তারা ৩-০ গোলে পিছিয়ে ছিল।

ম্যাচ শেষে নেইমারের চোট নিয়ে সান্তোস কোচ কুকা জানান, ‘আমাদের তাকে ছাড়াই সামলাতে হবে।’ অবশ্য শুধু নেইমারই নন, পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমোও। যা নিয়ে কোচ কুকা বলেন, ‘আমরা নেইমারকে হারিয়েছি, বারেয়ালকে হারিয়েছি, লুকাসকেও হারিয়েছি। এখন দল হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে। আশা করি চোটগুলো গুরুতর নয় এবং তারা যত দ্রুত সম্ভব ফিরতে পারবে।’



চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি বর্তমানে লিগ টেবিলের ১৪তম স্থানে আছে এবং অবনমন অঞ্চলের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। এর আগের মৌসুমেও জানপ্রাণ দিয়ে লড়ে সান্তোসকে অবনমন থেকে বাঁচিয়েছিলেন নেইমার। তখনও তিনি পুরোপুরি ফিট ছিলেন না।

এদিকে, চোট পাওয়ার পর মাঠের অবস্থা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ভিলা বেলমিরোর মাঠকর্মীদের সমালোচনা করে ৩৪ বছর বয়সী এই তারকা লেখেন, আগেরদিন মাঠের মাটি আলগা করার কারণে ম্যাচের দিন মাঠটি ‘গর্তে ভরা’ এবং তার দেখা সবচেয়ে খারাপ অবস্থায় ছিল।

নেইমারের অভিযোগ, প্রতিপক্ষের পাশাপাশি তাদের ‘মাঠের বিরুদ্ধেও’ খেলতে হয়েছে। অসমান মাঠের কারণে দৌড়ানোর সময় গতি বাড়ানো ও থামতে খেলোয়াড়দের বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রথমার্ধেই সান্তোসের তিন খেলোয়াড় চোট পাওয়ার প্রসঙ্গ টেনে নেইমার ব্যঙ্গাত্মকভাবে মাঠকর্মীদের ‘অভিনন্দন’ জানান।

এমআর/টিএ  

মন্তব্য করুন