‘বাদ দেওয়ার জন্য অজুহাত খুঁজছিল’, বিরাটকে নিয়ে রায়নার বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত
০৪:২৫ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
২০২০ সালে স্বাধীনতা দিবসের দিন আচমকা আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছিলেন সুরেশ রায়না। একই দিনে অবসর নেন মহেন্দ্র সিং ধোনিও।
ফলে রায়নাকে নিয়ে খুব বেশি চর্চা হয়নি। তার বছর দুয়েক আগেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন তিনি। দল থেকে বাদ পড়ার জন্য তৎকালীন অধিনায়ক বিরাট কোহলিকে দায়ী করে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন এই তারকা ক্রিকেটার।
‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদন অনুযায়ী, আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক বাঁহাতি ক্রিকেটার বলেন, ‘সব অধিনায়কের নিজস্ব দল থাকে। যখন কেউ অধিনায়ক হন, তখন তার মনে হয় অমুক প্লেয়ার ভালো। সেভাবেই সব কিছু বদলায়। আমি আর যুবরাজ সিং ওই দলে ছিলাম। আমরা প্রথমে টেস্টে ব্যর্থ হই। পরে পাস করি। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রানও করেছি।’

সেই সময় কোচ ছিলেন অনিল কুম্বলে। তাঁর সঙ্গে কথা বলেও সমাধান পাননি রায়না। তিনি বলেন, ‘আমি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টি-টোয়েন্টি সিরিজসেরা হয়েছিলাম। আমি অনিল ভাইয়ের সঙ্গে কথা বলি। উনি আমাকে বুঝিয়ে ছিলেন, আমার মানসিকতা কীরকম হওয়া উচিত।’
‘তারপর ২০১৯ সালের বিশ্বকাপ আসে। সেখানে অধিনায়ক নিজের মতো দল বেছে নিয়েছিলেন। আমি ভেবেছি, হয়তো আমরা ভালো করতে পারতাম। আমাদের অভিজ্ঞতা সেখানে দরকার ছিল। কিন্তু এখন এসব কথা বলে কী লাভ’, যোগ করেন তিনি।
রায়না মনে করেন, এ বিষয়ে আরও স্পষ্টভাবে কথাবার্তা হওয়া দরকার ছিল। তিনি বলেন, ‘কে খেলবে, কে বাদ যাবে জানাতে পারত। কিন্তু ওগুলো আমার হাতে নেই। আমি চেষ্টা করেছি, পরিশ্রম করেছি। যা যা করতে বলেছিল, সব করেছি। যেন আমাদের বাদ দেওয়ার জন্য অজুহাত খুঁজছিল। বাদ পড়ার পর বহুবার প্রশ্ন করেছি, কিন্তু কেউ উত্তর দেয়নি।’