কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি
ছবি: সংগৃহীত
০৫:০২ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
পিএসজির সাফল্যের মেরুদণ্ডে থাকা ছয়জনকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোচ লুইস এনরিকে এবং দলের পাঁচ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে পিএসজি।
২০২৬-২৭ মৌসুমের শুরুতে এনরিকে তার চুক্তির শেষ বছরে প্রবেশ করেছিলেন। নতুন চুক্তিতে স্প্যানিশ এই কোচ এখন ২০৩০ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে থাকবেন।
ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল সময়ের অন্যতম কারিগর এনরিকে। তার অধীনে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে। শুধু একবার নয়, সর্বশেষ দুই আসরেই ইউরোপসেরার মুকুট জিতেছে প্যারিসের ক্লাবটি। এমন সাফল্যের পর তার চুক্তি বাড়ানো যে সময়ের ব্যাপার ছিল, সেটিই এবার আনুষ্ঠানিক রূপ পেল।
শুধু কোচ নন, গত দুই মৌসুমের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তিন খেলোয়াড়ের সঙ্গেও নতুন চুক্তি করেছে পিএসজি। ফাবিয়ান রুইজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। স্প্যানিশ এই মিডফিল্ডারের বর্তমান বয়স ৩০ বছর।
অন্যদিকে ডিফেন্ডার উইলিয়ান পাচো এবং মিডফিল্ডার জোয়াও নেভেস আরও দীর্ঘ সময়ের জন্য থাকছেন প্যারিসে। পাচোর নতুন চুক্তি ২০৩১ সাল পর্যন্ত, একই মেয়াদে চুক্তি নবায়ন করেছেন ২১ বছর বয়সী জোয়াও নেভেসও। পাচো এবং নেভেস—দুজনই পিএসজির সাম্প্রতিক ইউরোপীয় সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ।
দলের মূল একাদশের বাইরে থাকা দুই খেলোয়াড়কেও ভবিষ্যৎ পরিকল্পনার বাইরে রাখেনি পিএসজি। ২০ বছর বয়সী সেনি মায়ুলু এবং ২২ বছর বয়সী লুকাস বেরালদোর সঙ্গে চুক্তিও বাড়িয়েছে ক্লাবটি। দুজনেরই নতুন চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত।
চুক্তি নবায়নের এই তালিকা থেকে পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনাটাও পরিষ্কার। ক্লাবটি শুধু তারকা খেলোয়াড় এনে দল গড়তে চাইছে না, বরং সাম্প্রতিক সাফল্যের সঙ্গে যুক্ত কোচ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রেখে একটি স্থায়ী কাঠামো তৈরি করতে চাইছে।
বিশেষ করে এনরিকেকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্তটি বড় বার্তা। তার অধীনে পিএসজি যে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেটিকে সাময়িক সাফল্য হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি প্রকল্প হিসেবে এগিয়ে নিতে চাইছে ক্লাবটি।
এসএন