শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি
ছবি: সংগৃহীত
০৭:৩০ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানকে, এবার মাঠের বাইরেও তরুণদের নেতৃত্ব দেওয়ার নতুন দায়িত্ব পেলেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ককে ‘সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ড’-এর স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রীড়াক্ষেত্রে তার দীর্ঘ অবদান এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছে আফ্রিদিকে। এ উপলক্ষে করাচির সেন্ট্রাল পুলিশ অফিসের মুহাম্মদ আলী শাহ অডিটোরিয়ামে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধু পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জাবেদ আলম ওধো, সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান ও ট্রাফিক করাচির ডিআইজি, এসএসপি (মিডিয়া), ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে আফ্রিদির হাতে আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে আইজি ও আফ্রিদি একে অপরের সঙ্গে সম্মাননা স্মারক বিনিময় করেন।

আফ্রিদিকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে আইজি জাবেদ আলম ওধো বলেন, এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আফ্রিদি সিন্ধু পুলিশ বাহিনীকে সম্মানিত করেছেন। পুলিশ বাহিনীর ভেতরে খেলাধুলার প্রসার ঘটানো তাদের দীর্ঘদিনের অগ্রাধিকার। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও স্বাস্থ্যকর কার্যক্রমে যুক্ত করা।
আইজি আরও জানান, ব্যবসায়ী সমাজের সহযোগিতার কারণেই এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। পাশাপাশি বড় পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। চলতি বছরের নভেম্বরে পাকিস্তানের সব পুলিশ বাহিনীকে নিয়ে আয়োজন করা হবে একটি জাতীয় ক্রীড়া উৎসব।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফ্রিদি। করাচিতে জন্ম নেওয়া এই সাবেক তারকা জানান, ছোটবেলায় সিন্ধু পুলিশের ক্রিকেট দলের কার্যক্রম কাছ থেকে দেখেছেন তিনি। তখন থেকেই পুলিশ বাহিনীর সঙ্গে খেলাধুলার মাধ্যমে যুক্ত হওয়ার স্বপ্ন ছিল তার।
এমআই/টিএ