© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজেকে ‘ভালো প্রাক্তন স্বামী’ মনে করেন আমির খান!

শেয়ার করুন:
নিজেকে ‘ভালো প্রাক্তন স্বামী’ মনে করেন আমির খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে ভক্তদের। বিচ্ছেদের পরও দুজনের সঙ্গে আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

এবার অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু আমিন হাজি ও তার স্ত্রী শার্লট আমিরের সাবেক স্ত্রী ও পরিবারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে আমিন হাজি মজা করে বলেন, আমির একবার তাকে বলেছিলেন, তিনি স্বামীর চেয়ে ‘ভালো প্রাক্তন স্বামী’। আমিনের ভাষ্য, আমিরের মধ্যে বিশ্বস্ততা খুব গুরুত্বপূর্ণ। কারো ওপর কোনো কারণে তিনি মন খারাপ করলেও সেটি নির্দিষ্ট একটি বিষয়েই সীমাবদ্ধ থাকে।



অন্য বিষয়গুলোতে তার মনোভাব বদলে যায় না। আমিন আরো জানান, মানুষকে বিচার করার ক্ষেত্রেও আমিরের একটি সহজ দর্শন রয়েছে। তার মতে, কেউই নিখুঁত নয় এবং প্রত্যেক মানুষই ভুল করে। তাই কারো ভুলের দিকে শুধু নজর না দিয়ে তার ভালো দিক ও ইতিবাচক কাজগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত।

আমিরের সাবেক স্ত্রী রিনা দত্তের ব্যক্তিগত পছন্দ ও পরিচয়ের প্রতিও তার সম্মান রয়েছে বলে জানান আমিন ও শার্লট। বিয়ের পরও রিনা নিজের নাম ও ধর্মীয় পরিচয় পরিবর্তন করেননি। আমিরও কখনো তাকে নিজের পরিচয় বদলানোর প্রত্যাশা করেননি।

শার্লট বলেন, রিনা নিজের নাম ‘রিনা দত্ত’ই রেখেছেন এবং আমির সেটিকে সম্মান করেন। সন্তানদের নাম রাখার ক্ষেত্রেও রিনার পছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছিল।


রিনার সন্তান জুনায়েদ ও আইরার জন্মের সময়কার ঘটনাগুলোরও তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন বলে জানান শার্লট। আমিরের ইতিবাচক মানসিকতার প্রশংসাও করেন শার্লট। তার মতে, আমির বড় তারকা হওয়া সত্ত্বেও এবং জীবনে নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও মানুষের মধ্যে ভালো দিক খুঁজে নেওয়ার চেষ্টা করেন।

বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর আমিরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয়েছিল। শার্লট বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তারকারা সহজেই কটাক্ষ ও আক্রমণের শিকার হন। তবে এসব নেতিবাচক অভিজ্ঞতার কারণে আমির দ্রুত কোনো সম্পর্ক ছিন্ন করেন না। বরং তিনি মানুষকে বোঝার চেষ্টা করেন, তাদের ভালো দিকগুলোর ওপর গুরুত্ব দেন এবং সম্ভব হলে সম্পর্ক ধরে রাখেন।

বর্তমানে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। এর আগে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। এই দম্পতির দুই সন্তান জুনায়েদ ও আইরা। ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। পরে ২০২১ সালে কিরণ ও আমির বিচ্ছেদের ঘোষণা দেন।

সূত্র: এনডিটিভি

এসএ/এসএন


মন্তব্য করুন