© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অপেক্ষায় জার্মান তারকা মুসিয়ালা

শেয়ার করুন:
প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অপেক্ষায় জার্মান তারকা মুসিয়ালা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
অপেক্ষার অবসান হতে চলেছে জামাল মুসিয়ালার। দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অপেক্ষায় জার্মানির এই তারকা। আজ বুন্দেসলিগায় শালকের বিপক্ষে ম্যাচে বায়ার্ন মিউনিখের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। স্কাই জার্মানির প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী মুসিয়ালাকে ম্যাচের জন্য দলের সফরকারী বহরেও রাখা হয়েছে।

মুসিয়ালার জন্য প্রত্যাবর্তনটা অবশ্য শুধুই মাঠে ফেরার গল্প নয়। গত ১৫ আগস্ট আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচে হঠাৎ মাঠে পড়ে যাওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে ছিলেন তিনি। ঘটনার রেশ কাটতে না কাটতেই তিন দিন পর এফসি হেইডেনহাইমের বিপক্ষেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন এই মিডফিল্ডার।

এরপর প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে দূরে রেখে মুসিয়ালাকে চিকিৎসা পরীক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের মধ্যে রাখা হয়। ফলে নতুন মৌসুমে বায়ার্নের প্রথম তিন ম্যাচে তাকে পাওয়া যায়নি।



পরে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুসিয়ালা জানিয়েছিলেন, তার ‘অ্যাবসেন্স এপিলেপসি’ ধরা পড়েছে। এটি একধরনের স্নায়বিক সমস্যা, যা চিকিৎসাযোগ্য। এরপর থেকে বায়ার্নের মেডিকেল দল তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে।

এবার সেই পর্যবেক্ষণের পরই ধীরে ধীরে মাঠে ফেরার দরজা খুলেছে মুসিয়ালার সামনে। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুরো সপ্তাহ ভালোভাবেই অনুশীলন করেছেন তার দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

কোম্পানি বলেন, ‘সে ভালো আছে। পুরো একটি সপ্তাহ অনুশীলন করেছে। পরিস্থিতি এখন তার জন্য ভালো। জামাল এখন ভালো একটি পর্যায়ে আছে।’

তবে শালকের বিপক্ষে শুরু থেকেই মুসিয়ালাকে মাঠে নামানো হবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। শেষ অনুশীলনে তার শারীরিক প্রতিক্রিয়া দেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কোম্পানি।

বায়ার্ন কোচের ভাষায়, ‘আজকের অনুশীলনে সে কেমন অনুভব করে, সেটি দেখব। এরপর জামাল ও দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন ভালো বোধ করে।’

বায়ার্ন-শালকের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

এমআর/টিএ  

মন্তব্য করুন