প্যারিসে একসঙ্গে প্রিয়াঙ্কা ও জেনিফার, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত
০৯:৩৮ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
প্যারিসের জমকালো ফ্যাশন আয়োজনে একসঙ্গে দেখা গেল বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড তারকা জেনিফার লরেন্সকে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ১৩তম এলভিএমএইচ প্রাইজ ফর ইয়াং ফ্যাশন ডিজাইনার্সের অনুষ্ঠানে তাঁদের দেখা যায়।
সেখানে দুই তারকার হাসি-ঠাট্টা ও কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানায়। প্যারিসের ফন্ডেশন লুই ভিটনে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখেরা উপস্থিত ছিলেন। তরুণ ডিজাইনারদের কাজকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও জেনিফারও ছিলেন অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় প্রিয়াঙ্কা ও জেনিফারকে। তাঁদের একে অপরের সঙ্গে কথা বলতে, হাসতে এবং বেশ স্বচ্ছন্দ সময় কাটাতে দেখা যায়। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
দুই তারকার এই বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে অনেকেই ‘বেস্টি এনার্জি’ হিসেবে দেখছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথনের ছোট ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। শুধু বন্ধুত্বপূর্ণ মুহূর্তই নয়, অনুষ্ঠানে তাদের ফ্যাশনও নজর কেড়েছে। দুজনকেই কালো পোশাকে দেখা যায়। প্রিয়াঙ্কা পরেছিলেন কালো স্লিভলেস গাউন, যাতে ছিল কালো-সাদা ফুলের নকশা। অন্যদিকে জেনিফারকে দেখা যায় কালো ওয়াইড-লেগড প্যান্টস্যুটে।

দুজনেই বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড দিয়োরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই প্যারিসের এই অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করে।
এলভিএমএইচ প্রাইজের এবারের আয়োজনে তরুণ ডিজাইনারদের কাজকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া কার্ল ল্যাগারফেল্ড প্রাইজ তুলে দেন। অন্যদিকে জেনিফার লরেন্স প্রদান করেন মূল এলভিএমএইচ প্রাইজ।
বেলজিয়ান ডিজাইনার জুলি কেগেলস এবারের মূল এলভিএমএইচ প্রাইজ জিতে নেন। পুরস্কারটির সঙ্গে রয়েছে ৪ লাখ ইউরোর অনুদান ও এক বছরের পরামর্শমূলক সহায়তা।
অনুষ্ঠানে ফ্যারেল উইলিয়ামস, জোনাথন অ্যান্ডারসন, সারাহ বার্টন, স্টেলা ম্যাককার্টনি, ফিবি ফিলোসহ ফ্যাশন অঙ্গনের একাধিক তারকা উপস্থিত ছিলেন।
এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলীর ‘বারাণসী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনকে। ছবিটি ২০২৭ সালের এপ্রিলে মুক্তির কথা রয়েছে।
উল্লেখ্য প্যারিসে প্রিয়াঙ্কা ও জেনিফার লরেন্সের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত তাই ফ্যাশন আয়োজনের বাইরেও ভক্তদের জন্য হয়ে উঠেছে সন্ধ্যার অন্যতম আকর্ষণ।
এসএ/এসএন