আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরছে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে আবারও বাড়তে পারে বহুদলীয় সিরিজের সংখ্যা। ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমনই তথ্য উঠে এসেছে একটি প্রতিবেদনে।
ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে একসময় নিয়মিতই দেখা যেত ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ। তবে সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সিরিজের আধিপত্যে এসব আয়োজন অনেকটাই হারিয়ে গেছে। ভারতের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে ত্রিদেশীয় সিরিজ দেখা যায়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারি-মার্চে সর্বশেষ এমন একটি সিরিজে অংশ নিয়েছিল ভারত।
‘ক্রিকবাজ’-এর প্রতিবেদনের বরাতে জানা গেছে, দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন অনেক ক্রিকেট বোর্ডের জন্য আগের তুলনায় কম আর্থিকভাবে লাভজনক হয়ে উঠছে। একই সঙ্গে দর্শকদের আগ্রহও ধরে রাখা কঠিন হচ্ছে। এ কারণে একাধিক দলকে নিয়ে আয়োজিত সিরিজকে তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় ও লাভজনক মনে করছে আইসিসি।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের সংখ্যা খুবই কম। ২০২৬ সালে নামিবিয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। এর ফাইনালও নির্ধারিত রয়েছে ৬ সেপ্টেম্বর।
ওয়ানডে ক্রিকেটেও একই চিত্র। ২০১৯ বিশ্বকাপের পর পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে মাত্র একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে সেই সিরিজ আয়োজন করা হয়েছিল।
আইসিসির সম্ভাব্য নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে আবারও নিয়মিত দেখা যেতে পারে ত্রিদেশীয় কিংবা চারজাতি সিরিজ। এতে একদিকে ক্রিকেট বোর্ডগুলোর বাণিজ্যিক সুবিধা বাড়তে পারে, অন্যদিকে দর্শকদের জন্যও একসঙ্গে একাধিক শীর্ষ দলের লড়াই দেখার সুযোগ তৈরি হবে। তবে আইসিসির এই পরিকল্পনা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচিতে এর প্রভাব কতটা পড়বে, সেটিই এখন দেখার বিষয়।
এমআই/টিএ