পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন হারমানপ্রীত কৌর
ছবি: সংগৃহীত
১০:১৩ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংখ্যাটা হয়তো নিছক একটি পরিসংখ্যান। কিন্তু হারমানপ্রীত কৌরের কাছে এটি নেতৃত্বের দীর্ঘ পথচলার স্বীকৃতি। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক। পুরুষ ও নারী—দুই বিভাগ মিলিয়ে অধিনায়ক হিসেবে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি এখন তার।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই অধিনায়ক হিসেবে হারমানপ্রীতের ১৫০তম টি-টোয়েন্টি। তার আগে কোনো অধিনায়ক এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। ১৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন ৮৬টি ম্যাচ।

নারী ক্রিকেটে হরমনপ্রীতের ধারেকাছেও আপাতত কেউ নেই। তার পরেই আছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। অধিনায়ক হিসেবে তিনি খেলেছেন ১২১টি টি-টোয়েন্টি। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা আতাপাত্তুর চেয়েও ২৯ ম্যাচ বেশি নেতৃত্ব দিয়েছেন হারমানপ্রীত।
পুরুষদের ক্রিকেটেও এই তালিকায় কেউ হারমানপ্রীতের কাছাকাছি নেই। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড ছিল নামিবিয়ার গেরহার্ড এরাসমাসের। তিনি নেতৃত্ব দিয়েছেন ৯১টি ম্যাচে। হারমানপ্রীতের ১৫০ ম্যাচের পাশে সেই সংখ্যাও এখন অনেকটা দূরে।
ভারতীয় অধিনায়কদের তালিকাতেও হারমানপ্রীতের আধিপত্য স্পষ্ট। তার পরে আছেন মহেন্দ্র সিং ধোনি—ভারতের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যিনি নেতৃত্ব দিয়েছেন ৭২টি ম্যাচে।
এমআর/টিএ