© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কাকে হারিয়ে ‘সেমির’ পথে এগোতে চায় বাংলাদেশ

শেয়ার করুন:
শ্রীলঙ্কাকে হারিয়ে ‘সেমির’ পথে এগোতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা মেয়েদের বিপক্ষে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এ ম্যাচ দিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। দুবাই থেকে ভিডিও বার্তায় এমন জানিয়েছেন ওপেনার জুরাইরিয়া ফেরদৌস। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরিকল্পনা নিয়ে জুরাইরিয়া বলেছেন, ‘আমরা দুবাইতে এসেছি এশিয়া কাপ খেলতে এবং প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার সাথে খেলেছি। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে জয় লাভ করেছি, মাঠের পরিবেশ এবং উইকেটের আচরণ সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি। সেই অভিজ্ঞতাটা নিতে পেরেছি।’

‘আমাদের পরের ম্যাচ কালকে শ্রীলঙ্কার বিপক্ষে। এ ম্যাচটাতে আমাদের জন্য খুব বড় একটা লাভ হবে এবং কালকে শ্রীলঙ্কার সাথে আমরা জিততে পারলে সেমিফাইনালের দিকে ভালোভাবে এগিয়ে যাব। আমাদের যে লক্ষ্যটা, আমরা তার অনেক কাছে চলে যাব এবং দলের সবাই, সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।’

খেলোয়াড়দের দায়িত্ব পালন করা নিয়ে এ ব্যাটার বলেছেন, ‘যার দায়িত্ব যেটা সেভাবে পালন করার আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং অবশ্যই জেতার জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে যেহেতু ওপেনিং ব্যাটিং করি এবং পাওয়ার প্লেটা ইউজ করার, ভালো একটা, অনেক বড় একটা ইনিংস খেলার।’

এশিয়া কাপে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

এমআই/টিএ

মন্তব্য করুন