দাম্পত্য গুঞ্জনের মাঝেই শুভশ্রীর হাত ধরে রাজ, ভাইরাল ভিডিও
ছবি: সংগৃহীত
১০:৩০ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কদিন আগেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে লাইভ নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। বিশেষ করে দুজনের রসায়ন দেখে চোখ কপালে ওঠে নেটিজেনদের। এরপর টালিপাড়ায় কানাঘুষা চলতে থাকে, রাজের সঙ্গে নাকি দাম্পত্য টালমাটাল শুভশ্রী গাঙ্গুলির। এসবের মাঝে আবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে রাজের সিনেমা বানানোর খবর বিতর্কে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ।
তবে এসবে নিন্দুকদের মুখে ছাই। আবারও রাজ-শুভশ্রীর কেমিস্ট্রি কাড়ল নজর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে টালিপাড়ায় আয়োজন করা হয়েছিল একাধিক বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে একসঙ্গে পৌঁছে ছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। ধরে রেখেছিলেন হাত। রাজের গায়ে ছিল সাদা রঙের কুর্তা। আর শুভশ্রীর নীল শাড়ি। এমনকি নন্দন প্রাঙ্গণ থেকে বিশেষ তারকাখচিত পদযাত্রাতেও একইভাবে হাত ধরেছিলেন দুজনে।
এদিকে আগামী পূজায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘দেশু ৭’। আর এ সিনেমাটির মাধ্যমে এক বছর পর বড়পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। এর আগে ২০২৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমা ‘ধূমকেতু’। শুটের পর প্রায় ১০ বছর আইনি জটিলতায় আটকে ছিল সেই ছবির মুক্তি। বক্স অফিসে একপ্রকার ঝড় তুলেছিল ‘ধূমকেতু’।
দেব এমন একটা সময় শুভশ্রীকে তার সিনেমায় অভিনয়ের অফার দেন, যখন টালিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও সেই সময় শাসক দলের চাপে পড়ে ২০২৬ সালে পূজায় তার সিনেমা মুক্তি দেওয়াই অনিশ্চিত হয়ে পড়েছিল। ছবির গল্প ও শিরোনাম কিছুই না জেনে ‘হ্যাঁ’ করে দেন শুভশ্রী। এমনকি দর্শকরাও ছবি নিয়ে এতই উত্তেজিত যে, জানুয়ারি মাসেই তারা প্রিমিয়ার শোর গোল্ডেন টিকিট কেটে ফেলেন।
একসময় মিমি না শুভশ্রী ঠিক কার সঙ্গে প্রেম করছেন রাজ, তা নিয়ে কনফিউজড ছিল গোটা টালিউড। শেষমেশ যদিও শুভশ্রীকেই বেছে নেন নির্মাতা। ২০১৮ সালে দুজনে সাতপাকে বাঁধাও পড়েন। এরপর ২০২০ সালে আসে তাদের প্রথম সন্তান, ছেলের নাম রাখেন ইউভান। আর ২০২৩ সালে মেয়ে ইয়ালিনি আসে তাদের কোলে।
সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি সারভাইভাল থ্রিলার ধর্মী প্রজেক্টের জন্য মিমির কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, যেখানে গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন নারী। ছবিটি পরিচালনা করবেন ‘কালরাত্রি’খ্যাত অয়ন চক্রবর্তী। একটি গণমাধ্যমকে মিমি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ছবির ব্যাপারে কথা অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এসএ/এসএন