ক্রিকেট থেকে অবসরের আগেই বোলিং কোচের ভূমিকায় অজি পেসার
ছবি: সংগৃহীত
০২:৪৬ এএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন ছয় বছর আগে। প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন গত বছর। কিন্তু পিটার সিডলের ক্রিকেটযাত্রা থামেনি। ৪১ বছর বয়সেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত বল হাতে দেখা যায় অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি অধ্যায়—কোচিং।
আগামী মৌসুমে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সিডল। অর্থাৎ এত দিন যে ক্রিকেটে বোলিং দিয়ে নিজের ছাপ রেখেছেন, এবার সেই অভিজ্ঞতাই তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পালা।
নিউ সাউথ ওয়েলসের মূল কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার ব্র্যাড হ্যাডিন। তার কোচিং প্যানেলেই সিডলের সঙ্গে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ইয়োহান বোথা, যিনি থাকবেন স্পিন পরামর্শক হিসেবে। কোচিং স্টাফে আরও থাকছেন পিটার ফরেস্ট ও ড্যানিয়েল স্মিথ।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলকে বিদায় জানান সিডল। দেশের হয়ে খেলেছেন ৬৭টি টেস্ট, ২০টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়নি। বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), মেজর লিগ ক্রিকেট ও গ্লোবাল সুপার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখনো বল হাতে নিয়মিত দেখা যায় তাকে। আসন্ন বিগ ব্যাশেও মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠে নামবেন সিডল।

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে গত বছর অবসর নেওয়ার সময় তার ঝুলিতে ছিল দীর্ঘ এক ক্যারিয়ারের অসাধারণ পরিসংখ্যান। ২৩১ ম্যাচে নিয়েছেন ৭৯২ উইকেট। ক্রিকেট ক্যারিয়ারের বড় সময় কেটেছে ভিক্টোরিয়ায়। রাজ্যটির হয়ে দীর্ঘদিন খেলার পাশাপাশি তিন মৌসুম তাসমানিয়ার প্রতিনিধিত্বও করেছেন। এবার ভিক্টোরিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী নিউ সাউথ ওয়েলসের হয়েই শুরু হতে যাচ্ছে তার কোচিং ক্যারিয়ার।
শেফিল্ড শিল্ডের অন্যতম সফল দল নিউ সাউথ ওয়েলসের সঙ্গে নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিডল। নতুন দায়িত্ব নিয়ে তার কথাতেও সেই রোমাঞ্চের ছাপ, ‘এই মৌসুমে নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলে যোগ দিতে পারাটা দারুণ ও রোমাঞ্চকর। গুরুত্বপূর্ণ এই গ্রীষ্মের আগে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া দলটিকে পরামর্শ দেওয়ার সুযোগের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তর সইছে না।’
একেএস/টিএ