অমর নায়ক সালমান শাহর জন্য শাকিব খানের প্রার্থনা
ছবি: সংগৃহীত
০৮:০০ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। আজ তার ৩০তম মৃত্যুবার্ষিকী। এদিনে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পক্ষ থেকে সালমান শাহকে স্মরণ করে একটি ফটোকার্ড প্রকাশ করেছেন তিনি।
সেখানে সালমান শাহর জন্য প্রার্থনা করে লেখা হয়েছে, ‘শান্তিতে থাকুন অমর নায়ক সালমান শাহ।’
সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা এই ফটোকার্ডের মাধ্যমে নব্বই দশকের জনপ্রিয় এই নায়কের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন শাকিব খান।

অল্প সময়ের ক্যারিয়ারেই সালমান শাহ যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তা আজও বাংলা চলচ্চিত্রে আলোচনার বিষয়।
১৯৯০-এর দশকে ঢাকাই সিনেমায় নতুন ধরনের তারকা ইমেজ তৈরি করেছিলেন সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি তার পোশাক, চুলের স্টাইল ও ফ্যাশন দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের স্টাইল আইকন। পর্দায় তার অভিনয় ও ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করেছিল।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার অকালমৃত্যুতে তখন পুরো চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার মৃত্যু ও ক্যারিয়ার নিয়ে দর্শকের আগ্রহ এখনো কমেনি।
সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের কাছেও তার সিনেমা, অভিনয় ও ফ্যাশন নতুন করে আগ্রহ তৈরি করছে। তার অভিনীত সিনেমাগুলো এখনো দর্শকের কাছে নস্টালজিয়ার বড় অংশ।
প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের সহশিল্পী, নির্মাতা ও তারকারাও নানা আয়োজনে সালমান শাহকে স্মরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পুরোনো স্মৃতি ও শ্রদ্ধার বার্তা।
কেএন/টিএ