এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ: আশরাফুল
ছবি: সংগৃহীত
০৮:০২ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গরেছে বাংলাদেশ। বিশেষ করে এই জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের সমীকরণই বদলে দিয়েছে। এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। এবার অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
যদিও সেই পথটা মোটেই মসৃণ নয় বাংলাদেশের জন্য। নিজেদের বাকি ম্যাচগুলোতে জেতার পাশাপাশি অন্য দলগুলোর জয়-পরাজয়েও রাখতে হবে পাখির চোখ। বাংলাদেশের সঙ্গে ফাইনালের লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ড। তবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

এই দুই দল এখন শীর্ষ দুইয়ে অবস্থান করছে। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করলেও বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন বাংলাদেশ বর্তমানে এশিয়ার দ্বিতীয় সেরা দল। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ফাইনালে খেলার লক্ষ্যেই খেলছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেছেন, 'পারফরম্যান্স তো অবশ্যই তা-ই বলে (এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল) এবং দল হিসেবেও যদি দেখেন, টেস্ট দল হিসেবে বিশ্বে এখন দুই-তিনটি দলের মধ্যে একটি দল বলে আমি মনে করি। কারণ, এতগুলো ম্যাচ খেলা খেলোয়াড় কিন্তু অন্য কোনো দলে আপনি পাবেন না।'
মূলত অভিজ্ঞতার বিচারেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন আশরাফুল। সন্দেহাতীতভাবে সবচেয়ে এগিয়ে আছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপে যদিও দলটি এখনও বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে। তবে পারফরম্যান্স অনুয্যায়ী এশিয়ার অন্য দলগুলোর সঙ্গে ভারতের ব্যবধান অনেক।
আশরাফুল নিজের ব্যাখ্যা দিয়ে বলেছেন, 'বাংলাদেশে যেই ১৫ জনের দল নির্বাচন করা হয়, নির্বাচকেরা যে নির্বাচন করেন, এবং যেই ১১ জন খেলেন, সব খেলোয়াড়েরই কিন্তু প্রায় ৪০, ৫০, ৬০, ১০০, ৮০টি করে ম্যাচ খেলা। এত ম্যাচ খেলা খেলোয়াড় আপনি অন্য দেশে খুব কমই পাবেন। তো অবশ্যই আমরা এই মুহূর্তে আমাদের টেস্ট দলটা নিয়ে খুবই গর্ব করার মতো একটা জায়গায় আছি।'
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে আশরাফুল যোগ করেছেন, 'অবশ্যই, (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন) কেন দেখবে না? কারণ আমরা সঠিক পথে আছি। আমরা যদি ম্যাচ ধরে ধরে ভালো করি, অবশ্যই আমাদের চূড়ান্ত লক্ষ্য সেটাই। তো আমাদের এখন লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। স্বপ্ন তো অবশ্যই সেটা আছে সবারই।'
আরআই/টিএ