চিওংসামে মেহজাবীনের রেট্রো লুক, মুগ্ধ নেটদুনিয়া
ছবি: সংগৃহীত
০৯:৪৭ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
রূপালি পর্দায় দীর্ঘদিন অনুপস্থিত মেহজাবীন চৌধুরী। অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবকে সঙ্গে নিয়ে হংকংয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।

এসময় অভিনেত্রী তার নতুন কিছু ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন। ছবিগুলো প্রকাশের পর মেহজাবীনের ভিন্নধর্মী সাজ ও পুরো আয়োজন দর্শকদের ফিরিয়ে নিয়েছে পুরোনো দিনের রোম্যান্টিক সিনেমার আবহে।

হংকংয়ের ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’ পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন মেহজাবীন। তার সাজ ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে এক ধরনের নান্দনিক, রেট্রো আবহ। তবে শুধু পোশাক নয়, ছবিগুলোর পেছনের পরিবেশও তৈরি করেছে আলাদা আবহ।

সেই অনুভূতির উৎসও গোপন রাখেননি মেহজাবীন। ছবি প্রকাশের সঙ্গে তিনি স্মরণ করেছেন বিশ্বখ্যাত নির্মাতা ওং কার-ওয়াইয়ের কালজয়ী সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-কে।ছবির আবহ আরও পূর্ণতা পেয়েছে সিনেমাটির বিখ্যাত ‘ইয়ুমেজি’স থিম’ ব্যবহারে।

ফেসবুকে ছবিগুলো পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘হংকং, তোমাকে ঠিক তেমনই দেখাচ্ছিল যেমনটা আমি কল্পনা করেছিলাম।’ মেহজাবীনের এই পোস্ট ঘিরে দর্শকদের আগ্রহের জায়গাটিও ভিন্ন। কারণ, দীর্ঘদিন ধরে বড় পর্দায় তাকে দেখা যাচ্ছে না।
ফলে হংকংয়ের এমন সিনেমাটিক ফ্রেম সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন উঠেছে—এটি কি শুধুই ভ্রমণের স্মৃতি, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো কাজের ইঙ্গিত?
এসএ/টিএ