© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১

শেয়ার করুন:
‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ এএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন সন্ত্রাসীর এলোপাতরি গুলিতে এক ব্যক্তি খুন হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলিতে গুলি ও খুনের এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাকিব বলেছেন, গুলিতে হতাহতের ঘটনার তদন্তে তারা কাজ শুরু করেছেন।

খুনের শিকার ব্যক্তি সাগর খান ইমরানের বয়স আনুমানিক ৪০ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আহত ৩২ বছর বয়সি বিদ্যুৎ জাকারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত জাকারিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, উত্তর ধলপুরের সরদার গলিতে ৬/৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এসময় তার হাতে ও পায়ে গুলি লাগে।

গুলির পর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত জাকারিয়ার বাম পায়ে ও ডান হাতে গুলি লেগেছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার বলেন, ধলপুর সরদার গলিতে তার স্বামী জাকারিয়ার রিকশার গ্যারেজের ব্যবসা রয়েছে। রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তার স্বামী বসা অবস্থায় ছিলেন। এসময় হেলমেট পরিহিত ৭/৮ জন চারটি মোটরসাইকেলে এসে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে তারা দুজন গুলিবিদ্ধ হন।

এফআর/টিএ

মন্তব্য করুন