© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমি পাঠানের বাচ্চা, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডকে শাহরুখ

শেয়ার করুন:
‘আমি পাঠানের বাচ্চা, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডকে শাহরুখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪০ এএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার ওপর অপরাধ জগতের দাপট ছিল অহরহ। বলিউড তারকাদের ওপর আন্ডারওয়ার্ল্ডের হুমকি-ধামকি ছিল নিত্যদিনের ঘটনা। তাদের কথা মতো চলতে হবে তারকাদের—এমনটাই পণ থাকত; ব্যতিক্রম হলে মৃত্যু।

বলিউড কিং শাহরুখ খানও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন একাধিকবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক চাঞ্চল্যকর কথা সামনে এসেছে, যা শুনে বুক কেঁপে উঠতে পারে শাহরুখ ভক্তদের।

সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল শাহরুখকে। কিন্তু দমে যাননি কিং খান। চাপের কাছে নতি স্বীকার করেননি। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, প্রয়োজনে তাকে গুলি করা হলেও তিনি কোনো আদেশে কাজ করবেন না।

সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত এক পডকাস্টে নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের দাপটের মুখে শাহরুখের এমন সাহসী ভূমিকার কথা প্রকাশ করেছেন।



সঞ্জয় গুপ্ত জানান, সে সময় বলিপাড়ায় মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ব্যাপক প্রভাব ও নিয়ন্ত্রণ ছিল। অনেক প্রযোজক ও অভিনেতাকে সিনেমা বা শো করার জন্য বাধ্য করা হতো। তবে শাহরুখ খান তাদের আদেশের সামনে মাথা নত করতে রাজি হননি।

সঞ্জয় বলেন, ‘চলচ্চিত্র শিল্পে শুধু শাহরুখ খানই হুমকির মুখে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন, “আমি এই সিনেমা বা শো কখনোই করব না, আমি পাঠানের বাচ্চা, ইচ্ছা হলে আমাকে গুলি করে দাও।” শাহরুখ বলেছিলেন, ভয় পেয়ে তিনি কাজ করবেন না। তার এই সাহসিকতা শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের মনেও তার প্রতি শ্রদ্ধার জায়গা তৈরি করেছিল।’

এর আগে ব্রিটিশ সঞ্চালক রুবি ওয়াক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেও তার জীবনের ওই কঠিন সময়ের কথা তুলেছিলেন। সে সময় একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে বলিউড কিং জানিয়েছিলেন, টানা তিন বছর তাকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে হয়েছিল।

কাজের দিক থেকে বর্তমানে ব্যস্তই শাহরুখ। তার অভিনীত ‘কিং’ সিনেমা মুক্তির অপেক্ষায়। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে তার সঙ্গে আরও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান ও অভিষেক বচ্চনকে। চলতি বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএন 

মন্তব্য করুন