© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য মেনে নেয়া হবে না: থালাপতি বিজয়

শেয়ার করুন:
নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য মেনে নেয়া হবে না: থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৪ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তামিলনাড়ুতে তার রাজনৈতিক সাফল্যের পেছনে ‘নারীরাই প্রধান কারণ’ বলে উল্লেখ করে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বলেন, রাজনৈতিক সমালোচনা করা বৈধ। তবে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না।
বিধানসভায় বক্তব্যের শেষ দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিজয় বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার ব্যক্তিগত অধিকার। তবে সেই স্বাধীনতা কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, রাজনৈতিক কারণে কারও, বিশেষ করে নারীসহ অন্যদের, হেয় করা উচিত নয়। এটাই তার সাধারণ অনুরোধ।


বিজয় বলেন, সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুতে অশ্লীলতা ও বিদ্বেষের স্রোত চলছে। নারীদের নিয়ে মানহানিকর, দ্ব্যর্থবোধক ও অশালীন কথা বলা ব্যক্তিদের মানুষ দেখছে। ঘরেও একই নারীরা মা ও বোনের ভূমিকায় রয়েছেন। বিষয়টি মনে রেখে সঠিকভাবে কথা বললে ভালো হবে। তিনি নারীদের নিয়ে মানহানিকর মন্তব্য না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।


প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা বিজয় আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি যা হয়েছেন, তার পেছনে সাধারণ মানুষই ভূমিকা রেখেছেন—আগে তারকা হিসেবে এবং এখন মুখ্যমন্ত্রী হিসেবে। পাশাপাশি ঘরের নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারীদের নিয়ে যেকোনো অশ্লীলতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নারীদের নিয়ে অশ্লীল বা মানহানিকর মন্তব্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


বিজয়ের এই সতর্কবার্তা এসেছে বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন অভিনেত্রী ত্রিশাকে নিয়ে কথিত পরোক্ষ অবমাননাকর মন্তব্য করার কয়েক দিন পর।

উদয়নিধি আগস্টে কাবেরী নিয়ে একটি প্রতিবাদ সভায় দ্ব্যর্থবোধক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ডিএমকের দাবি, মন্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘সম্পাদনা’ ও ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে। দলটির দাবি, উদয়নিধি অভিনেত্রীর নাম উল্লেখই করেননি। পুলিশ তাকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর মাদ্রাজ হাইকোর্ট তাকে মুক্তির নির্দেশ দেন।

বিজয় বলেন, ‘আমরা শুনছি, একই বিধানসভায় একই বিরোধী দল সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে অপমান করেছিল। সম্প্রতি কেউ কেউ দ্ব্যর্থবোধক কথা বলছেন। মানুষ এসব দ্ব্যর্থবোধক ও ত্র্যর্থবোধক কথা লক্ষ্য করছে।’

কেএন/এসএন

মন্তব্য করুন