© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিগ ব্যাশ খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন কিউই তারকা

শেয়ার করুন:
বিগ ব্যাশ খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন কিউই তারকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ এএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গিয়ে ‘ক্যাজুয়াল কনট্রাক্ট’ বেছে নিয়েছেন মার্ক চ্যাপম্যান। এই ব্যাটার চুক্তি থেকে সরে যাওয়ায় খালি হওয়া জায়গাটি পেয়েছেন পেসার ম্যাথিউ ফিশার। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন তিনি।

ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলবেন চ্যাপম্যান। তবে এর আগে নভেম্বরে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের সাদা বলের সিরিজে খেলবেন তিনি।



চ্যাপম্যানের বিগ ব্যাশের দল এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। তার মতো ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সাইফার্টও ক্যাজুয়াল চুক্তিতে রয়েছেন। এই চুক্তির ফলে তারা নিউ জিল্যান্ডের ঘরোয়া গ্রীষ্মকালীন ক্রিকেটের বদলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার সুযোগ পান।

ভারত সফরের পরই অস্ট্রেলিয়ায় পাড়ি দেবেন চ্যাপম্যান। তার বিগ ব্যাশে খেলার সময়ের সঙ্গে নিউ জিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজও চলবে। তবে ২০২৪ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি তিনি এবং এখন পর্যন্ত কোনো টেস্টও খেলেননি। ২০২৪ সালে ভারতে টেস্ট সিরিজের দলে ডাক পেলেও একাদশে সুযোগ হয়নি চ্যাপম্যানের।

চলতি বছরের শুরুতে নিউ জিল্যান্ড ক্রিকেট যখন প্রাথমিক কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করে, তখন চ্যাপম্যান নিজেই টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত না হওয়ার অনুরোধ করেছিলেন।

চ্যাপম্যানের মূল চুক্তি থেকে সরে দাঁড়ানোর ফলে ফাস্ট বোলার ম্যাট ফিশার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন ফিশার। এ ছাড়া নিউ জিল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও রয়েছে তার।

এফআর/এসএন

মন্তব্য করুন