প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলায় সমালোচনায় ভারতীয় অভিনেতা
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬
অতিসম্প্রতি নিজের পছন্দের খাবার তালিকা নিয়ে মন্তব্য করেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। যার জেরে বর্তমানে তাকে নিয়ে নেটমাধ্যমে চলছে নানা সমালোচনা। এমনকি অভিনেতাকে ডিম ছোড়ার হুমকিও এসেছে।
চলতি মাসে বাংলাদেশ সফরকালে বিশ্বজিৎ চক্রবর্তীকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের কোন খাবার তার সবচেয়ে পছন্দের? জবাবে তিনি বলেন, গরুর মাংস এবং ইলিশ মাছ তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে। দুপুরে মাংস ভাত খেয়েছেন, আর রাতে যাবেন গরুর মাংস খেতে।
এই ভিডিওটি প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েন বিশ্বজিৎ। অভিনেতার বক্তব্যের সমালোচনা করে নেটমাধ্যমে এক নেটিজেন লিখেছেন, ‘কথিত বুদ্ধিজীবী হিন্দুরা আসলে নিজেদের খুব কুল ভেবে এসব বলে। শুনলে আশ্চর্য লাগে।’ আরেকজনের মন্তব্য, ‘এবার কলকাতায় ফিরলে পাবলিক আপনাকে ডিম খাওয়াবে।’ অভিনেতাকে ঢাকাতেই রেখে দেওয়ার আহ্বান জানিয়ে অন্য আরেকজন লেখেন, ‘একে ঢাকাতেই পাকাপাকিভাবে রেখে দেওয়া হোক।’
এতসব সমালোচনার ভিড়েও কেউ কেউ অভিনেতার পক্ষ নিয়েছেন। একজন লিখেছেন, ‘এখানে যারা বিরোধিতায় সরব, তারা অনেকেই খেয়েছেন। কিন্তু এটা তাদের মুখোশ। মানুষ কী খাবে, সেটি তার নিজস্ব রুচির বিষয়।
এসব বিতর্কের মাঝে নিজের অবস্থান ব্যাখ্যা করে ভারতীয় সংবাদমাধ্যমকে বিশ্বজিৎ চক্রবর্তী জানান, বিষয়টি নিয়ে বিচলিত নন তিনি। পুরো বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমার পেট, আমার মন, আমার হাত আর যে খাবারটা খাব তার টাকাটাও আমার। সুতরাং আমি কী খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে?
তিনি আরও বলেন, এক বোনের জন্মদিনের আমন্ত্রণে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে গিয়ে ৫ তারিখেই ফিরে এসেছি। সেখানকার আতিথেয়তায় আমি সত্যিই মুগ্ধ।
সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও হুমকির জবাবে কড়া বার্তা দিয়ে বিশ্বজিৎ চক্রবর্তী জানান, এই বিষয়ে তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন এবং মামলাটি যেহেতু আদালতের বিচারাধীন, তাই আপাতত এর বেশি কিছু বলতে চান না।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যজগতের একজন অত্যন্ত পরিচিত মুখ বিশ্বজিৎ চক্রবর্তী। ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ধারাবাহিকভাবে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বাই বাই ব্যাংকক’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’, ‘রাজকাহিনি’র মতো সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
এসএ/টিএ