সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজ
ছবি: সংগৃহীত
১২:০৫ এএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। একই সঙ্গে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাও জায়গা করে নিয়েছেন এবারের সংক্ষিপ্ত তালিকায়। পুরুষ বিভাগে মোট ১০ গোলরক্ষককে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন ভোজিনহা। গুরুত্বপূর্ণ সময়ে একাধিক অসাধারণ সেভ করে দলের সাফল্যে অবদান রাখেন তিনি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার ইয়াশিন ট্রফির মনোনয়ন পেয়েছেন এই গোলরক্ষক।
এবারের তালিকায় নেই গতবারের ইয়াশিন ট্রফিজয়ী ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রায়ার মনোনয়নও বিশেষভাবে আলোচিত হচ্ছে।

এ ছাড়া তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আবারও ইয়াশিন ট্রফির দৌড়ে জায়গা করে নিয়েছেন তিনি।
পুরুষ বিভাগের ১০ মনোনীত গোলরক্ষক হলেন—ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও/স্পেন) ও ভোজিনহা (জিডি শাভেস/কোলো-কোলো/কেপ ভার্দে)।
নারী বিভাগেও ইয়াশিন ট্রফির জন্য পাঁচ গোলরক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। গতবারের পুরস্কারজয়ী হানা হ্যাম্পটন এবারও মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জার্মানির অ্যান-কাটরিন বার্গার, স্পেনের কাটা কোল, ব্রাজিলের লোরেনা এবং জাপানের আয়াকা ইয়ামাশিতা।
এমআর/টিএ