© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দৃশ্যম ৩’-এর ট্রেলার প্রকাশ, এবার কি ধরা পড়বে বিজয়?

শেয়ার করুন:
‘দৃশ্যম ৩’-এর ট্রেলার প্রকাশ, এবার কি ধরা পড়বে বিজয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নাচ, গান কিংবা মারপিট নেই; স্রেফ চিত্রনাট্যের জোর আর তুখোড় অভিনয়ের জাদু—এই শক্তিতেই দর্শকের মন জয় করে নিয়েছে ‘দৃশ্যম’। বলিউডে এ সিরিজের দুটি সিনেমা ইতোমধ্যে সুপারহিট হয়েছে। এবার আসছে তৃতীয় তথা শেষ কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’।

আজ বুধবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। এবারও সিনেমার মূল চরিত্রগুলোতে আগের শিল্পীরা রয়েছেন, তবে বদলও হয়েছে কিছু। বরাবরের মতো এবারের ট্রেলারেও একঝাঁক তুখোড় অভিনেতার উপস্থিতি নজর কেড়েছে।

অজয় দেবগন, টাবু, রজত কাপুর, সৌরভ শুক্লা ও শ্রিয়া সরণেরা তো রয়েছেনই। এবার তাদের সঙ্গে যোগ দিলেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতের মতো দুই দাপুটে অভিনেতা। যেন একজনের সঙ্গে অন্যজন পাল্লা দিয়ে অভিনয় করেছেন। তাই পুরো সিনেমা দেখার জন্যই এরই মধ্যে দর্শক উদগ্রীব হয়ে উঠেছেন।




বিজয় সালগাওকারের বড় মেয়ে পরিস্থিতির শিকার হয়ে এক তরুণকে হত্যা করে। সেই ঘটনা থেকে পরিবারকে বাঁচাতে একের পর এক কৌশল অবলম্বন করে চলেছে বিজয় ও তার স্ত্রী-সন্তানরা। অন্যদিকে নিহত তরুণের মা-বাবাও চেষ্টার কমতি রাখছে না দোষীকে শাস্তি দিতে। এভাবেই এগোচ্ছে ‘দৃশ্যম’-এর গল্প।

এবারের গল্পে বিজয়ের বিরুদ্ধে পোক্ত প্রমাণ জোগাড় করেছে পুলিশ। তাই পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল ও টানটান উত্তেজনার। তবে কি ধরা পড়ে যাবে বিজয় ও তার পরিবার? নাকি এবারও সব বাধা পেরিয়ে নিরাপদ থাকবে তারা? উত্তর মিলবে সিনেমায়।

অভিষেক পাঠক নির্মিত ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে ২ অক্টোবর। উল্লেখ্য, এটি মূলত মালয়ালম ‘দৃশ্যম ৩’-এর অফিসিয়াল রিমেক। আগের দুই কিস্তিও একইভাবে পুনঃনির্মিত হয়েছে।

এসএন 

মন্তব্য করুন