আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০৮:৫৯ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চাকরিতে নিয়োগে দুর্নীতি বন্ধের কথা বলা হলেও এখন ভাইভায় ৪০০ শতাংশ নম্বর বাড়ানোর চেষ্টা চলছে। যদি সবার সঙ্গে আলোচনা না করেই নম্বর বাড়ানো হয়, তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আয়োজনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবেন তা কি জানেন? এসময় তিনি বলেন, বাক-স্বাধীনতার কথা বলা হলেও সরকার সমালোচনার নামে শতাধিক গ্রেফতার করেছে।
জুলাই গণঅভ্যুত্থানকে ধারণে সবাইকে আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না।
সভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল।
সভা শেষে জুলাই ৩৬ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমআর/টিএ