আমি এত সহজে হাল ছাড়ছি না: ডি মারিয়া
ছবি: সংগৃহীত
০২:১১ এএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় দল থেকে আগেই বিদায় নিয়েছেন। এরপর ক্লাব ফুটবল থেকেও কি এবার অবসরের ঘোষণা দেবেন অ্যাঞ্জেল ডি মারিয়া—এমন জল্পনা ছড়িয়ে পড়েছিল ফুটবল বিশ্বে। সেই গুঞ্জনের মধ্যেই বুধবার আর্জেন্টাইন ক্লাব রসারিও সেন্ট্রালের আররোইও সেকো স্পোর্টস কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে হাজির হন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তবে সংবাদ সম্মেলনে সব জল্পনার অবসান ঘটিয়ে ডি মারিয়া স্পষ্ট করে জানিয়েছেন, এখনই ফুটবলকে বিদায় বলছেন না তিনি। বরং রসারিও সেন্ট্রালে থেকে আরও কিছুদিন খেলতে চান বিশ্বকাপজয়ী এই তারকা।
কোপা লিবার্তাদোরেস থেকে অনাকাঙ্ক্ষিত বিদায় এবং কোচ হোর্হে আলমিরনের ওপর বাড়তে থাকা চাপের মুখে অবশেষে নীরবতা ভাঙলেন আনহেল দি মারিয়া। বুধবার আররোইও সেকো স্পোর্টস কমপ্লেক্সে এক জরুরি সংবাদ সম্মেলনে রসারিও সেন্ট্রাল সমর্থকদের আশ্বস্ত করে ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা সোজাসাপ্টা বললেন, ‘ওরা তো আমাকে অবসরই পাইয়ে দিতে চায় (হাসি)! না ভাই, আমি ক্লাবে ভীষণ সুখে আছি।’
জরুরি সংবাদ সম্মেলন ডাকার খবর ছড়িয়ে পড়তেই পুরো রোসারিওজুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। 'ফিদেও' (দি মারিয়া) কি তবে ৩৮ বছর বয়সে হঠাৎ বুট জোড়া তুলে রাখছেন?—এমন গুঞ্জনে চরম আতঙ্কে দিন কাটছিল 'কানালিয়া' (রসারিও সমর্থকদের ডাকনাম) ভক্তদের। তবে সব জল্পনা উড়িয়ে দি মারিয়া স্পষ্ট জানান, কোনো বিদায়ী ঘোষণা নয়, কেবল ক্লাবের ফুটবল পরিস্থিতি নিয়ে কথা বলতেই তিনি সাংবাদিকদের সামনে এসেছেন।
মূলত ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে মহাদেশীয় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর দি মারিয়ার নিজের এক বক্তব্যেই শঙ্কার মেঘ জমেছিল। তখন তিনি বলেছিলেন, ‘এখন একটু থেমে ভাবার সময় এসেছে সামনে কী করতে চাই।’
তবে সেই বক্তব্য পরিষ্কার করে এবার ডি মারিয়া বলেন, ‘সেটা মনকষ্ট আর তীব্র হতাশার জায়গা থেকে বলে ফেলেছিলাম। আমি এত সহজে হাল ছাড়ছি না। এটা আমাদের দীর্ঘ পথচলার একটা অংশ মাত্র, কারণ সামনে এখনো অনেক কিছু অর্জন করার এবং লড়াই করার বাকি আছে।"

সংবাদ সম্মেলনে মুখ খোলার মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে দি মারিয়া জানান, চিরপ্রতিদ্বন্দ্বী নিউয়েলসের সঙ্গে ডার্বিতে ১-১ ড্রয়ের পর ক্লাবের ওপর আসা একের পর এক সমালোচনা এবং সমর্থকদের অতি-উৎকণ্ঠাই তাঁকে সামনে আসতে বাধ্য করেছে।
সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, ‘মানুষ বড্ড বেশি অধৈর্য হয়ে পড়েছে। আমার তো মনে হয় সেন্ট্রাল এখন খুব সুন্দর একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ক্লাবটি দিন দিন বড় হচ্ছে, ট্রফি জিতছে এবং সব টুর্নামেন্টেই দাপটের সঙ্গে খেলছে।’
বেনফিকা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডি মারিয়া রোসারিও সেন্ট্রালের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘আমরা মাঠের ভেতরে বেশ ভালো অবস্থানেই আছি, কিন্তু বাইরে থেকে পরিবেশটা এমনভাবে দেখানো হচ্ছে যেন আমরা মহা বিপদে আছি। সংবাদমাধ্যম মাঝেমধ্যে সবকিছুকে নেতিবাচক দিকে চালিত করে, তবে আমরা ভেতরে পুরোপুরি শান্ত আছি।’
চলতি মৌসুমে কাপ টুর্নামেন্টগুলো থেকে ছিটকে পড়া প্রসঙ্গে দি মারিয়া যোগ করেন, ‘দিনশেষে ট্রফি তো একটাই দল জেতে, ফুটবলের বাস্তবতাই এমন। লিবার্তাদোরেস ও কোপা আর্জেন্টিনা ঘিরে সমর্থকদের স্বপ্নের অংশ আমরাও ছিলাম, কিন্তু অনেক সময় ভাগ্য সহায় হয় না। আর্জেন্টাইন ফুটবলে যেকোনো দলই যেকোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এখানে কোনো ম্যাচই সহজ নয়।’
একেএস/টিএ