শূকরের কিডনি নিয়ে ২৭১ দিন বেঁচে ছিলেন এক মার্কিন নাগরিক
ছবি: সংগৃহীত
০১:০১ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চিকিৎসাবিজ্ঞানের এক যুগান্তকারী ঘটনা ঘটেছে। টিম অ্যান্ড্রুস নামের এক মার্কিন নাগরিকের শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল, যা রেকর্ড ২৭১ দিন পর্যন্ত সফলভাবে কাজ করেছে।
ম্যাস জেনারেল ব্রিগহাম হাসপাতালের গবেষকদের মতে, মানব অঙ্গ পাওয়ার সুযোগ না আসা পর্যন্ত শূকরের অঙ্গকে জীবন রক্ষাকারী একটি সেতু হিসেবে ব্যবহার করার সম্ভাবনাকে এই ঘটনা আরও জোরালো করেছে।
টাইপ ২ ডায়াবেটিসের কারণে ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুসের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রে কিডনি প্রতিস্থাপনের দীর্ঘ অপেক্ষমাণ তালিকার কারণে তাকে একটি মানব কিডনি পেতে প্রায় সাত বছর অপেক্ষা করতে হতো। অথচ, ডায়ালাইসিসে থাকা রোগীদের গড় আয়ু থাকে মাত্র পাঁচ বছর।
এই হতাশাজনক পরিস্থিতিতে শূকরের কিডনি প্রতিস্থাপন অ্যান্ড্রুসকে ডায়ালাইসিস মেশিনের ওপর নির্ভরতা থেকে মুক্তি এবং নতুনভাবে বাঁচার আশা জুগিয়েছিল।
সাধারণত মানুষের শরীর অন্য প্রাণীর অঙ্গ সাথে সাথেই প্রত্যাখ্যান করে এবং ধ্বংস করে দেয়। এই বাধা এড়াতে বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি বা জেনোট্রান্সপ্ল্যান্টেশন-এর আশ্রয় নেন:গবেষকরা 'ইউকাটান' প্রজাতির ক্ষুদ্রাকৃতির শূকরের জিনে ৬৯টি পরিবর্তন আনেন। এই পরিবর্তনের ফলে শূকরের কোষে মানব ডিএনএ যুক্ত করা হয়, যা মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার কাছ থেকে কিডনিটিকে লুকিয়ে রাখতে সাহায্য করে। এছাড়া, শূকরের ডিএনএ-তে থাকা ক্ষতিকর ভাইরাসগুলো নিষ্ক্রিয় করা হয়, যাতে সংক্রমণের কোনো ঝুঁকি না থাকে।
ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতিস্থাপনের পর কিডনিটি তাৎক্ষণিকভাবে চমৎকার কাজ শুরু করে। তবে প্রায় ছয় মাস পর কিডনির রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং প্রদাহ দেখা দেয়।
শেষ পর্যন্ত ২৭১ দিন পর কিডনিটি অকার্যকর হয়ে পড়লে তা অপসারণ করা হয়। এরপর অ্যান্ড্রুসকে ৮২ দিন আবারও ডায়ালাইসিস নিতে হয়। তবে আশার কথা হলো, পরবর্তীতে তিনি একজন মানব দাতার কাছ থেকে সুস্থ কিডনি পান, যা বর্তমানে ভালোভাবে কাজ করছে।
ম্যাস জেনারেল ব্রিগহামের ডক্টর লিওনার্দো রিয়েলা জানান, বিশ্বজুড়ে অঙ্গ প্রতিস্থাপনের যে তীব্র সংকট চলছে, সেখানে জেনোট্রান্সপ্ল্যান্টেশন আগামীতে একটি যুগান্তকারী বিকল্প হয়ে উঠতে পারে।
সূত্র: বিবিসি
এফআর/টিএ