© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

শেয়ার করুন:
৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্যান্সারে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যে অংশ নিতে চট্টগ্রাম জেলা প্রশাসন কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান সন্ধ্যা রাণী ধর (৭০)। 

জানা গেছে, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়।

মায়ের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি দিতে আবেদন করেছিল তার পরিবার কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পুনরায় আবেদন করলে সেটি অনুমোদন করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন।

বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।

২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে জামিন হলেও একাধিক মামলা চলমান থাকায় তিনি কারাগারে রয়েছেন।

এসএন 

মন্তব্য করুন