চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৮:১৫ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের জন্মদিন আজ। ১৯৭২ সালের ১০ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই নির্মাতা হিন্দি সিনেমায় অপরাধ, রাজনীতি ও সমাজের নানা অন্ধকার বাস্তবতাকে ভিন্নধর্মী নির্মাণশৈলীতে তুলে ধরে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।

‘সত্য’ ছবির সহলেখক হিসেবে বড় সুযোগ পাওয়ার পর অনুরাগ একের পর এক প্রশংসিত কাজ উপহার দেন। তার উল্লেখযোগ্য নির্মাণের তালিকায় রয়েছে ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব ডি’, ‘গুলাল’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘আগলি’, ‘রামন রাঘব ২.০’ ও ‘মুক্কাবাজ’। এর মধ্যে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ পরবর্তী সময়ে কাল্ট সিনেমার মর্যাদাও লাভ করে।
শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজেও নিজের নির্মাণ প্রতিভার ছাপ রেখেছেন অনুরাগ। ‘সেক্রেড গেমস’-এর সহপরিচালনার মাধ্যমে এই মাধ্যমে প্রশংসা কুড়ান তিনি।
চারবার ফিল্মফেয়ার পুরস্কারজয়ী এই নির্মাতার কাজের স্বীকৃতি এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকেও। ২০১৩ সালে ফ্রান্স সরকার তাকে ‘নাইট অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মানে ভূষিত করে।
এসএ/টিএ