© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে বিতর্কের মুখে ‘ঝিলিক’ খ্যাত অভিনেত্রী তিথি বসু

শেয়ার করুন:
বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে বিতর্কের মুখে ‘ঝিলিক’ খ্যাত অভিনেত্রী তিথি বসু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার বিষয়ে কথা বলে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে নানা কটাক্ষ। ব্যঙ্গ-বিদ্রূপ থেকে শুরু করে নানা রকম ছবিও ছড়িয়ে পড়েছে। এমনকি সম্পাদনার মাধ্যমে তার গলায় জুতার মালা পরানো ছবিও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ‘মা’ ধারাবাহিকখ্যাত অভিনেত্রী তিথি বসু।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের বিভিন্ন পদের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সমালোচনার মুখে পড়েন প্রবীণ এই অভিনেতা।

বিশ্বজিতের এমন পরিস্থিতি দেখে তার পক্ষে কথা বলেন তিথি। তার ভাষ্য, বিশ্বজিৎ একজন জ্যেষ্ঠ অভিনেতা এবং মানুষ হিসেবেও অসাধারণ। নিজের সততা থেকেই তিনি সত্য কথা বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি প্রত্যেকের একান্ত ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

তিথি আরও দাবি করেন, চলচ্চিত্র ও ধারাবাহিক জগতের অনেকেই আড়ালে কিংবা প্রকাশ্যে গরুর মাংস খান। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের ধারাবাহিকেও এমন অনেক ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতা ছিলেন, যারা সেটে বসে গরুর মাংস নিয়ে আলোচনা করতেন।

কলকাতার অনেক পরিচিত জায়গায় যখন গরুর মাংস বিক্রি হতো, সেখানেও অধিকাংশ হিন্দু মানুষ যেতেন বলে দাবি করেন তিথি। এমনকি ২০১০ সাল পর্যন্ত অনেক জনপ্রিয় গায়ক ও বিভিন্ন চ্যানেলের কর্মকর্তাকেও গরুর মাংস খেতে যেতে দেখেছেন বলে জানান তিনি।

তিথির ভাষ্য, অনেক মানুষ গরুর মাংস খান এবং এটাই বাস্তবতা। এমনকি মুসলিমদের তুলনায় হিন্দুরাই বেশি গরুর মাংস খান বলেও দাবি করেন তিনি। যারা প্রকাশ্যে এ কথা বলেন না, তাদের অনেকেই হয়তো আড়ালে খান বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

তার মতে, কার ধর্ম কী কিংবা কে কী খাবেন, সেটি একান্ত ব্যক্তিগত বিষয়। নিজের খাদ্যাভ্যাস অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিথি।

তবে বিশ্বজিতের পক্ষে কথা বলার পর এবার নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিথি। কেউ তাকে উদ্দেশ করে লিখেছেন, তিনি গরুর মাংস খান কি না—এমন প্রশ্ন তুলে তার প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা। আবার কেউ মন্তব্য করেছেন, এমন বিষয়ে অপরিণত বয়সে তার কথা না বলাই উচিত ছিল।

এসএ/টিএ

মন্তব্য করুন