মাঝে মাঝে ‘কেবিসি’র সঞ্চালনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে: অমিতাভ বচ্চন
ছবি: সংগৃহীত
০৯:৩৩ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
কুইজভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে কোটি টাকার স্বপ্নের পাশাপাশি উঠে আসে ভারতের নানা প্রান্তের মানুষের জীবনসংগ্রামের গল্প। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করলেও প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের নির্মম বাস্তবতা শুনে কখনো কখনো আবেগ সামলে অনুষ্ঠান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে অমিতাভ বচ্চনের। কেবিসির ১৮তম আসর সঞ্চালনা করতে গিয়ে এমনই এক আবেগঘন অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
নিজের ব্যক্তিগত টাম্বলার ব্লগের সাম্প্রতিক এক পোস্টে কেবিসির পর্দার আড়ালের এই মানসিক চাপের কথা খোলামেলা তুলে ধরেছেন অমিতাভ। তিনি জানান, অনেক প্রতিযোগী তাদের জীবনে ঘটে যাওয়া চরম কষ্টের নানা ঘটনা নিয়ে অনুষ্ঠানের মঞ্চে আসেন। একজন সঞ্চালক হিসেবে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রেখে পেশাদারত্বের সঙ্গে অনুষ্ঠান চালিয়ে যাওয়া তখন তার জন্য প্রায় অসম্ভব হয়ে ওঠে।
অমিতাভের ভাষায়, কিছু প্রতিযোগী এমন মারাত্মক ও মর্মস্পর্শী ব্যক্তিগত জীবনের গল্প নিয়ে আসেন যে তাদের প্রতি নিজের ভেতরের অনুভূতি সামলানোর পাশাপাশি স্বাভাবিকভাবে অনুষ্ঠান সঞ্চালনা চালিয়ে যাওয়াও ভীষণ কঠিন হয়ে পড়ে।
তবে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকদের সঙ্গে পেশাগত বোঝাপড়ার বিষয়টি মাথায় রেখে এসব গোপনীয় কথাবার্তা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি অমিতাভ। কিন্তু সেইসব নির্মম সত্য ও বেদনার গল্প যে তার মনে গভীর ছাপ ফেলেছে, তা স্পষ্ট করেছেন তিনি। এমন ঘটনা শোনা যে তার জন্য হৃদয়বিদারক অভিজ্ঞতা, সেটিও স্বীকার করেছেন এই অভিনেতা।
‘সোচনা পাড়েগা’ অর্থাৎ ‘ভাবতে হবে’—এই ভাবনাকে মূল উপজীব্য করে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসরে আবারও সঞ্চালকের ভূমিকায় ফিরেছেন অমিতাভ। এবারের আসরের লক্ষ্য শুধু প্রতিযোগীদের তথ্য বা সাধারণ জ্ঞানের পরিধি যাচাই করা নয়, বরং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন মানুষ কীভাবে চিন্তা করেন, সেই বিচারবুদ্ধিকেও গুরুত্ব দেওয়া।
বছরের পর বছর কেবিসির মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে অমিতাভের অন্তরঙ্গ কথোপকথন অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। পরিবার, কর্মজীবন ও ব্যক্তিগত পথচলা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি। এসব আলাপচারিতায় কখনো তৈরি হয় মজার মুহূর্ত, আবার কখনো সামনে আসে প্রতিযোগীদের জীবনের কঠিন লড়াই ও প্রতিকূলতার গল্প।
এদিকে অভিনয়েও নিজের ব্যস্ততা ধরে রেখেছেন অমিতাভ। নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্বে আবারও ‘অশ্বত্থামা’ চরিত্রে পর্দায় ফিরতে প্রস্তুত তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া প্রথম পর্বটি ২৮৯৮ সালের এক কাল্পনিক ও বিষাদময় ভবিষ্যৎ পৃথিবীর প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল।
ছবিটিতে অমিতাভের পাশাপাশি অভিনয় করেছিলেন কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানি। প্রথম পর্বে অমিতাভের ‘অশ্বত্থামা’ চরিত্রটি দর্শকের নজর কাড়ে। কমল হাসান অভিনয় করেন ‘সুপ্রিম ইয়াসকিন’, প্রভাস ‘ভৈরব’, দীপিকা ‘সুমতি’ এবং দিশা ‘রক্সি’ চরিত্রে।
সূত্র: এনডিটিভি
এসএ/টিএ