হৃদরোগের সঙ্গে লড়াই করে মাত্র ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন
ছবি: সংগৃহীত
০৯:৪৫ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্মের পর থেকেই জটিল হৃদরোগের সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। ২০২৪ সালে মিস অস্ট্রিয়ার মুকুট জেতার পর নতুন কোনো প্রতিযোগিতা না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন এই খেতাবের অধিকারী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লুসিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’। তার মৃত্যুতে গভীর শোকও জানিয়েছে সংগঠনটি।
মিশন অস্ট্রিয়ার পক্ষ থেকে লুসিয়াকে স্মরণ করা হয়েছে একজন সাহসী ও অসাধারণ তরুণী হিসেবে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানা গেছে, শৈশব থেকেই হৃদরোগজনিত বিভিন্ন জটিলতার চিকিৎসা চলছিল তার। লুসিয়ার অকালমৃত্যুতে শোক জানিয়েছে অস্ট্রিয়ার হৃদরোগে আক্রান্ত শিশুদের সহায়তাকারী সংস্থা ‘হার্জকিন্ডার অস্ট্রিয়া’ও।

নিজের অসুস্থতার কথা অবশ্য কখনো আড়াল করেননি লুসিয়া। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে নিজের শারীরিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন তিনি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পোস্টে লুসিয়া লিখেছিলেন, জন্মের পরপরই তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকদের প্রচেষ্টার কারণেই তিনি এতদিন স্বাভাবিক জীবন কাটাতে পেরেছেন বলেও জানিয়েছিলেন।
শৈশবে হৃদরোগের কারণে অন্য শিশুদের মতো খেলাধুলা কিংবা দৌড়ঝাঁপ করতে পারতেন না লুসিয়া। তবে সেই সীমাবদ্ধতাই তাকে ভেঙে দেয়নি। বরং দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতেই নিজেকে আরও মানসিকভাবে শক্ত করে তুলেছিলেন তিনি।
২০২৪ সালে মিস অস্ট্রিয়ার মুকুট জয়ের মধ্য দিয়ে সেই লড়াইয়ের আরেকটি বড় অর্জন এসেছিল তার জীবনে। মাত্র ২২ বছর বয়সে তার মৃত্যুতে সেই অধ্যায়েরই আকস্মিক সমাপ্তি ঘটল।
তথ্য সূত্র- বিবিসি।
এসএ/টিএ