আর্জেন্টাইন তারকা নিকো পাজকে পেতে আগ্রহী আর্সেনাল, তবে বাধা রিয়াল
ছবি: সংগৃহীত
০২:১৫ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
আক্রমণভাগ আরও শক্তিশালী করতে আগামী গ্রীষ্মের দলবদলে নতুন একজনকে খুঁজছে আর্সেনাল। সেই তালিকায় উঠে এসেছে কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজের নাম। ২০২৭ সালের গ্রীষ্মকালীন দলবদলের আগে ২২ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে প্রাথমিক আগ্রহও দেখিয়েছে মিকেল আর্তেতার দল।
গত মৌসুমে কোমোর চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাজের। সিরি আতে ১২ গোলের পাশাপাশি ছয়টি গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন তিনি—২০২৫-২৬ মৌসুমে সিরি আ’র সেরা মিডফিল্ডার নির্বাচিত হওয়ার পাশাপাশি জায়গা করে নিয়েছেন লিগের বর্ষসেরা একাদশেও।
পাজকে নিয়ে অবশ্য আগ্রহ নতুন নয়। ২০২৫ সালে তাকে দলে ভেড়াতে চেয়েছিল টটেনহাম হটস্পার। ইংলিশ ক্লাবটি দুই দফা প্রস্তাব দিলেও দুটিই ফিরিয়ে দিয়েছিল কোমো।

এবার পাজের দিকে নজর আর্সেনালের। স্প্যানিশ সংবাদমাধ্যম বার্নাবেউ ডিজিটালের খবর অনুযায়ী, তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা বিবেচনা করছে লন্ডনের ক্লাবটি। তবে এই দৌড়ে আর্সেনালের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে রিয়াল মাদ্রিদের বাই-ব্যাক ক্লজ।
গত গ্রীষ্মে পাজকে কোমোর কাছে ৬ কোটি ৬০ লাখ ইউরোতে (৫ কোটি ৬৬ লাখ পাউন্ড) বিক্রি করেছিল রিয়াল। তবে চুক্তিতে ৮ কোটি ইউরো (৬ কোটি ৮৬ লাখ পাউন্ড) মূল্যের বাই-ব্যাকের সুযোগ রেখে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। মৌসুম শেষে সেই ধারা সক্রিয় করে পাজকে আবারও দলে ফেরাতে পারবে রিয়াল।
গত গ্রীষ্মে পাজকে ফেরানোর সুযোগ থাকলেও রিয়াল সেটি কাজে লাগায়নি। তবে ইতালিতে তার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছে স্প্যানিশ জায়ান্টরা। ফলে আর্সেনাল আগ্রহ দেখালেও পাজের ভবিষ্যৎ নিয়ে শেষ পর্যন্ত রিয়ালের সিদ্ধান্তই বড় ভূমিকা রাখতে পারে।
একেএস/টিএ