© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ২৯

শেয়ার করুন:
কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ২৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাতুতে একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ঘটা এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।

জাতিসংঘ পরিচালিত গণমাধ্যম রেডিও ওকাপি জানায়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাতুর চিম্পুন্ডা এলাকায় উমাজা প্রাথমিক বিদ্যালয়, ফুরাহা মাধ্যমিক বিদ্যালয় এবং পার্শ্ববর্তী একটি বসতিতে এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুটি স্কুলসহ আশপাশের প্রায় তিন শতাধিক কাঠের তৈরি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রদেশের ভাইস গভর্নর দুনিয়া মাসুম্বুকো বোয়েঙ্গে।

শহরটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী এএফসি/এম২৩-এর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন ছাত্রী এবং ৫ জন ছাত্র রয়েছে। এছাড়া চিকিৎসাধীন ২৯ জনের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ১৭ জনকে কাদুতু জেনারেল হাসপাতালে এবং ৪ জনকে বুকাতু প্রাদেশিক জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগ জানান, আগুন লাগার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। প্রাণ বাঁচাতে গিয়ে অনেকে পদদলিত হয়ে মারা যায় এবং অনেকে ধোঁয়ায় দমবন্ধ হয়ে জ্ঞান হারায়। একটি স্থানীয় ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানে বার্তা সংস্থা এএফপিকে জানান, মারাত্মকভাবে শ্বাসকষ্টে ভোগা প্রায় ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষককে তাঁদের ক্লিনিকে আনা হয়েছিল; যাদের মধ্যে কয়েকজন পথেই মারা যায়।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিদ্রোহী কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করে বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে রুয়ান্ডা-সমর্থিত এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে খনিজ সমৃদ্ধ এই শহরটি।

সূত্র: আল জাজিরা

আরআই/টিএ

মন্তব্য করুন