© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখ খানের স্কুলজীবনের গোপন কথা ফাঁস করলেন পলাশ সেন

শেয়ার করুন:
শাহরুখ খানের স্কুলজীবনের গোপন কথা ফাঁস করলেন পলাশ সেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বলিউডের মেগাস্টার হয়ে ওঠার আগে থেকেই শাহরুখ খান স্কুলের গণ্ডিতে সবার মন জয় করে নিয়েছিলেন। দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে শাহরুখের চেয়ে এক বছরের বড় ছিলেন শিল্পী পলাশ সেন। তিনি এই অভিনেতার আকর্ষণীয় ব্যক্তিত্ব, উচ্চাকাঙ্ক্ষা ও বহুমুখী প্রতিভার কথা স্মরণ করার পাশাপাশি তার একটি মজার দুর্বলতার কথাও জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল ‘কড়ক’-এর সাথে আলাপকালে পলাশ সেন জানান, শাহরুখ শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের কাছেই বেশ জনপ্রিয় ছিলেন। তিনি তার স্কুলের এই সাবেক সহপাঠীকে অত্যন্ত ‘আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, উচ্চাকাঙ্ক্ষী ও দক্ষ’ হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, শিক্ষকদের কাছে শাহরুখের বিশেষ কদর ছিল।



সেন জানান, তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং খেলাধুলা, বিতর্ক ও কুইজসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে একসঙ্গে অংশ নিতেন। শাহরুখকে ‘অল-রাউন্ডার’ বা সব বিষয়ে পারদর্শী হিসেবে বর্ণনা করলেও, একটি কাজ ছিল যা এই ভবিষ্যৎ সুপারস্টার খুব একটা ভালো পারতেন না বলে জানান সেন। আর তা হলো গান গাওয়া।

স্কুলের একটি মিউজিক্যাল বা সঙ্গীতধর্মী অনুষ্ঠানে শাহরুখের একটি চরিত্র থাকলেও তিনি গান গাইতে পারতেন না; তাই নেপথ্য থেকে কণ্ঠ দিয়েছিলেন পলাশ সেন। সেন এর আগেও স্কুলের সেই নাটকের কথা স্মরণ করে মজা করে বলেছিলেন, সোনু নিগমের অনেক আগেই তিনি খানের হয়ে গান গেয়েছিলেন।

স্কুলজীবনের বন্ধু থেকে বলিউড তারকা

ভারতীয় রক ব্যান্ড ‘ইউফোরিয়া’-র প্রধান শিল্পী হিসেবে পরিচিত সেন জানান, স্কুল ছাড়ার পর তাদের জীবনের গতিপথ ভিন্ন হয়ে যাওয়ায় তাদের মধ্যে খুব একটা দেখা সাক্ষাৎ হতো না। তবে তিনি উল্লেখ করেন, তাদের বন্ধুত্ব ও পারস্পরিক স্নেহ অটুট ছিল। স্কুলের সাবেক সহপাঠীর সাফল্যে আনন্দ প্রকাশ করে সেন বলেন, খান যা অর্জন করেছেন, তা নিয়ে তিনি ‘সত্যিই গর্বিত’।

বর্তমানে কিং খান তার পরবর্তী বড় চলচ্চিত্র ‘কিং’-এর প্রস্তুতি নিচ্ছেন, যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন