© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি : পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক সাজা ভোগ করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আটকে পড়া এসব নাগরিককে আইনি সহায়তা ও দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইন মেনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।   

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যশোর-৫ আসনের সংসদ সদস্য কাজী এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশের কারাগারে বন্দি থাকা নাগরিকরা স্বাগতিক দেশের সার্বভৌম আইনি প্রক্রিয়ার অধীন থাকেন। তাই আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো নিয়মিত ডিটেনশন সেন্টার পরিদর্শন, কারাবন্দিদের সঙ্গে সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আইনি সুরক্ষার সুবিধা দিচ্ছে। কোনো বন্দির অর্থকষ্ট থাকলে দূতাবাসের মাধ্যমে সরকারি আইনজীবী নিয়োগ বা পরিবারের সঙ্গে সমন্বয় করে আইনজীবীর ব্যবস্থা করা হচ্ছে। 

এ ছাড়া সাজার মেয়াদ শেষে বা জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে পরিবার বা প্রয়োজনে সরকারি অর্থে বিমানের টিকিট ও জরুরি ট্রাভেল পাস ইস্যু করে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হচ্ছে। 


পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশের মিশনগুলো এসব সেবা দিয়ে থাকে। 

সম্প্রতি মধ্যপ্রাচ্য এবং মিয়ানমারে আটক বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরিয়ে আনার উদাহরণ তুলে ধরে মন্ত্রী আরও জানান, বিদেশে আটক বাংলাদেশিদের দ্রুত ও সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে শিগগিরই একটি বিশেষ পোর্টাল চালু করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরআই/টিএ

মন্তব্য করুন