শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
ছবি: সংগৃহীত
১১:৫১ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু। তিনি বলেন, ‘আমীরুল আমাদের ছেড়ে চলে গেছে। রাত ১টা ৭ মিনিটে চিকিৎসক আমাদের খবরটি নিশ্চিত করেছেন।’
গত ১৩ আগস্ট কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর কল্যাণপুরে একটি হাসপাতালে ভর্তি হন আমীরুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার মধ্যরাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বই শিশুসাহিত্যের। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।
সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম। সবশেষ তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কেএন/টিএ