ভেনিস বিমানবন্দরে গিয়ে চমকে গেলেন সুনেরাহ্!
ছবি: সংগৃহীত
০৩:৪৭ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ভেনিসে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে কিছু ঘটনা তাঁকে যেমন অবাক করেছে, তেমনি অভিনেত্রী হিসেবে দিয়েছে ভালোবাসা ও সম্মানের অনুভূতি। গত ৫ আগস্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিস বিমানবন্দরে পৌঁছান সুনেরাহ্। পরদিন ছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রিমিয়ার।
দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে বিমানবন্দরে বসেই কফি ও অন্যান্য খাবার খাচ্ছিলেন তিনি। তবে বিল দিতে গিয়ে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। সেই অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ্ বলেন, ‘আমি কফিসহ আরও এটা–ওটা খেয়ে স্বাভাবিকভাবেই বিল দিতে যাব। হঠাৎ দেখি বিল নিচ্ছেন না।
তাঁদের কথায় বুঝতে পারলাম বিল লাগবে না। আমি তো অবাক, কেন লাগবে না! পরে সেখানকার একজন বলছিলেন, “আমি আপনাকে চিনি। আমি আপনার অভিনীত নাটক, সিনেমা দেখেছি। আমিও বাংলাদেশি। এ বিলটা আপনি না দিলেই খুশি হব।
” পরে তো তাঁরা বিল নিলেন না। এ ঘটনায় আমি আসলে অভিভূত। আমি সম্মানিত বোধ করেছি।’ ২ সেপ্টেম্বর শুরু হয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকেও তুলে ধরতে চেয়েছেন সুনেরাহ্। সে ভাবনা থেকেই উৎসবের জন্য তাঁর পোশাকের নকশাতেও ছিল দেশীয় ছোঁয়া। বিদেশের মাটিতে সেই পোশাকও প্রশংসা কুড়িয়েছে।
এবারই প্রথম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। উৎসবের মর্যাদাপূর্ণ অরিজোন্তি বিভাগে ৬ সেপ্টেম্বর প্রিমিয়ার হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর।

বিয়ে, সাজসজ্জা ও একটি বিউটি পারলারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক হরর ঘরানার সিনেমাটি। গল্পে বিয়ের সাজের প্রস্তুতি নিতে নিতে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক অস্বস্তিকর ও রহস্যময় জগতের সঙ্গে জড়িয়ে পড়ে একটি মেয়ে। সামাজিক বাস্তবতার সঙ্গে হরর ঘরানার মিশেলে তৈরি হয়েছে সিনেমাটির গল্প।
প্রিমিয়ারের পর নিজের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ্ বলেন, ‘আমার তো সিনেমায় উপস্থিতি কিছুটা কম সময়ের। এই অংশটুকুই দেখি অনেক দর্শক মনে রেখেছেন। প্রিমিয়ারের পরে সবাই আমাকে সেই চরিত্রের কথা বলে ডাকছেন। এটাও আমাকে বেশ অবাক করেছে।’
সমাপনী দিনে ১২ সেপ্টেম্বর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শেষ আয়োজনেও উপস্থিত থাকবেন সুনেরাহ্। এরপর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম চৌধুরী। আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
এসএ/টিএ