রিয়্যালিটি শো বিতর্কে সুনিধির মন্তব্যে নেহার কটাক্ষ
ছবি: সংগৃহীত
০৫:০৭ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
রিয়্যালিটি শোয়ের আড়ালের গল্প নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বলিউডের দুই জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান ও নেহা কক্কর। নাম উল্লেখ না করেই রিয়্যালিটি শো নিয়ে সুনিধির করা মন্তব্যের জবাব দিতে গিয়ে তাঁকে কটাক্ষ করেছেন নেহা।
সম্প্রতি এক পডকাস্টে সুনিধি দাবি করেন, রিয়্যালিটি শোগুলোর বেশির ভাগ ঘটনাই আগে থেকে সাজানো থাকে। তাঁর ভাষ্য, দর্শকের আবেগকে কাজে লাগিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করা হয়। এমনকি প্রতিযোগী ও বিচারকদের পরিবেশনায় অটোটিউন ব্যবহারেরও অভিযোগ করেন তিনি।

সুনিধি বলেন, ‘সমস্ত রিয়্যালিটি শো স্ক্রিপ্টেড। সবকিছু আগে থেকেই সাজানো থাকে। অতিনাটকীয়তাই সেখানে বেশি গুরুত্ব পায়। নির্মাতাদের নির্দেশে টিআরপির জন্য দর্শকের আবেগ নিয়ে খেলা হয়।’ এ কারণেই তিনি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে থাকতে চান না বলেও জানান।
সুনিধির এই মন্তব্যের বিষয়ে নেহার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, রিয়্যালিটি শোয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন। তাঁদের অনেকের জীবনেই নানা প্রতিকূলতার গল্প থাকে। তাই তাঁদের গল্প শুনে আবেগপ্রবণ হওয়া স্বাভাবিক।
টিআরপি বাড়ানোর জন্য নাটক সাজানোর অভিযোগ প্রসঙ্গে নেহা বলেন, তিনি যে রিয়্যালিটি শোগুলোতে বিচারক ছিলেন, সেগুলোর টিআরপি এমনিতেই ভালো ছিল। এরপরই সুনিধিকে উদ্দেশ করে কটাক্ষের সুরে বলেন, ‘না পেলে তো আঙুর ফল টকই লাগে।’
এসএ/টিএ