‘দ্বিতীয় জয়া বচ্চন’ প্রসঙ্গে তাপসীআমি এটাকে প্রশংসা হিসাবেই দেখি
ছবি: সংগৃহীত
০৫:৪২ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ছবিশিকারিদের সঙ্গে তাপসী পান্নুর উত্তপ্ত বাক্যবিনিময় নতুন কোনো ঘটনা নয়। মুম্বাইয়ে একাধিকবার ছবিশিকারিদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছেন এই অভিনেত্রী।
আর সেই কারণেই নেটাগরিকদের একাংশ তাঁকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে কটাক্ষ করেন। এবার সেই তুলনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তাপসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বচ্চনের সঙ্গে তুলনা প্রসঙ্গে তাপসী জানান, বিষয়টিকে তিনি নেতিবাচকভাবে দেখেন না। বরং প্রশংসা হিসেবেই নেন।
তাপসী বলেন, ‘আমি এটাকে প্রশংসা হিসাবেই দেখি। আমি সবসময় ইতিবাচক দিকটাই দেখি। তিনি খুব ভালো অভিনেত্রী এবং অত্যন্ত দৃঢ়চেতা এক জন নারী। আমার সঙ্গে উনার তুলনা করে মানুষ আসলে আমার প্রতিই সদয় হচ্ছেন।

সত্যি বলতে, আমি কিছুই পরোয়া করি না। আমি জানি, কখনও কারও দিকে চিৎকার করে কথা বলিনি। আমি মোটেই তেমন নই।’ অভিনেত্রীর দাবি, নিজের সীমারেখা সম্পর্কে তিনি বরাবরই স্পষ্ট। তাঁর মতে, একজন নারী নিজের সীমারেখা নির্দিষ্ট করে দিলে অনেকের কাছেই তাঁকে কঠিন বা ভয়ঙ্কর মনে হয়।
তাপসী আরো বলেন, ‘আমি কাউকে গালিগালাজ করি না। আমার সীমারেখা খুব স্পষ্ট। আর যে নারীর নিজের সীমারেখা পরিষ্কার, তাঁকে অনেকের কাছেই ভয়ঙ্কর মনে হয়। আসলে আমার কাছ থেকে একটু বেশি নরম এবং অতিরিক্ত ভদ্র আচরণ আশা করা হয়। অথচ উল্টো আমার ওপরেই চিৎকার করে কথা বলা হয়। এটা আমার ভালো লাগে না।’

ছবিশিকারিরা যেভাবে তাঁর নাম ধরে চিৎকার করেন, সেটিও তাপসীর অপছন্দ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় হওয়ার পরে বাবা-মা ছাড়া আর কেউ আমার ওপর চিৎকার করে কথা বলেনি। অথচ ওরা বার বার ‘তাপসী, তাপসী, তাপসী’ বলে চিৎকার করেন। আপনি যদি আমার কাছেই দাঁড়িয়ে থাকেন, তা হলে চিৎকার করার কী দরকার? আমিও কখনও তাদের সঙ্গে এই সুরে কথা বলিনি। যদিও উচিত ছিল ওই সুরেই কথা বলার। তার পরেও যদি তারা আমাকে রাগী বলেন, তা হলে হয়তো রাগ শব্দটার অর্থই তারা জানেন না।’
তবে সত্যিকার অর্থে রেগে গেলে তার আচরণ একেবারেই ভিন্ন বলে জানিয়েছেন তাপসী। চিৎকার বা উত্তপ্ত বাক্যবিনিময়ের বদলে তখন নীরব হয়ে যান তিনি।
অভিনেত্রীর কথায়, ‘আমি যখন সত্যিই রেগে যাই, তখন চুপ করে যাই। কথা বলা বন্ধ করে দিই এবং সেই ব্যক্তিকে যেন দেখতে পাই না সামনে। যার উপর রেগে আছি, তার সঙ্গে আমি কথা বলি না। আমি নিজেকে জানি। আমি সব সময়ে সম্মান দিয়েছি।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসী পান্নুর নতুন ছবি ‘গান্ধারী’। মুক্তির পর সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এসএ/টিএ