© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মের আগেই বলিউডে অভিষেক পরিণীতি চোপড়ার ছেলের!

শেয়ার করুন:
জন্মের আগেই বলিউডে অভিষেক পরিণীতি চোপড়ার ছেলের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার নতুন সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ঝলক।

তবে এই সিরিজটি শুধু ক্যারিয়ারের আরেকটি কাজ নয়, পরিণীতির ব্যক্তিজীবনেরও বিশেষ এক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। সিরিজটির শুটিং চলাকালীনই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন পরিণীতি।

সে সময় ভারতের শিমলায় বেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শুটিং চালিয়ে যেতে হয়েছিল তাকে। তাই অভিনেত্রীর কাছে এই সিরিজটি আরও বিশেষ। তার ভাষায়, এই কাজের মাধ্যমেই ছেলে নীরেরও যেন অভিনয় জগতে হাতেখড়ি হয়েছে। শুটিংয়ের সময় শারীরিক অবস্থার কথা নির্মাতাদের জানালে তারা পরিণীতির পাশে দাঁড়ান।



অভিনেত্রীর দাবি, তিনি জানানোর আগেই নির্মাতারা বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। পরে তাকে কোনো ধরনের চিন্তা না করে নিশ্চিন্তে কাজ করার আশ্বাস দেন তারা। শুটিংয়ের প্রয়োজনীয় সবকিছু তারাই দেখবেন বলেও জানান। পরিণীতির ভাষ্য, গল্প বা কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস না করেই নির্মাতারা তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। তিনি বলেন, ‘ওরা সবসময় আমায় আগলে রেখেছিল। আসলে জীবনের এই সময়টায় একজন নারী তো এটাই চান। তাই আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি।’

সেই কঠিন সময়ে পরিণীতির পাশে ছিলেন স্বামী রাঘব চাড্ডা, শাশুড়ি ও তার মা। তারা শিমলায় গিয়ে অভিনেত্রীর সঙ্গে সময় কাটিয়েছেন।

এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হিসেবে উল্লেখ করে পরিণীতি বলেন, ‘আমার জন্য এটা অত্যন্ত সুন্দর একটা অভিজ্ঞতা। মনে হতো, এই সিরিজটাই যেন আমার সন্তানেরও ইন্ডাস্ট্রিতে ডেবিউ। ফলে আজীবন এই কাজটি আমার কাছে স্পেশাল থাকবে।’

প্রসঙ্গত, পরিণীতি চোপড়া ও রাঘব ২০২৩ সালের মে মাসে দিল্লির কপূরথলা হাউসে আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেন। চার মাস পর, একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে আড়ম্বরপূর্ণ বিয়ের আসর বসে তাদের। এর দুই বছর পর ২০২৫ সালের ১৯ অক্টোবর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান।

এনএটি

মন্তব্য করুন