© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও ডুবলো রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
আবারও ডুবলো রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
‎কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের অন্যতম আকর্ষণ রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায় ৪ ইঞ্চি পানি ওঠে। এ পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সেতু কর্তৃপক্ষ।
‎এর আগে গত ২৯ আগস্ট টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়। ওই দিন দুপুর থেকেই পর্যটকদের প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সেতু কর্তৃপক্ষ। পরে হ্রদের পানি কমে গেলে ৪ সেপ্টেম্বর বিকেলে সেতুটির অধিকাংশ অংশ ভেসে ওঠে। পরদিন ৫ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া।
‎কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল-এ পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
‎রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতনে প্রায় ৪ ইঞ্চি পানি ওঠে। ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য সেতুতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমে গেলে আবারও পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
‎বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে প্রায়ই ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে যায়। এতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের সেতুতে ওঠার সুযোগ না থাকায় হতাশ হয়ে ফিরতে হয়।

এমআই/টিএ

মন্তব্য করুন