© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঠিন সময়ে ইতালি সরকারের সমর্থন নিয়ে মুখ খুললেন বাঁধন

শেয়ার করুন:
কঠিন সময়ে ইতালি সরকারের সমর্থন নিয়ে মুখ খুললেন বাঁধন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়ার পর কঠিন সময়ে পাশে দাঁড়ানো ইতালি সরকার ও উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুসিয়া বোরগনজোনির সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশের পর দেওয়া আরেক পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি।

সেখানে জানিয়েছেন, “যখন আমার নিজের কিছু মানুষই আমাকে আপন করে নিতে চায়নি, তখন চলচ্চিত্র উৎসব ও ইতালি সরকার এত আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে।”

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লুসিয়া বোরগনজোনির সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করেন বাঁধন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুসিয়া বোরগনজোনির সঙ্গে সাক্ষাৎ।’

সাক্ষাতের মুহূর্তটি শেয়ার করে ইতালি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও আন্তরিকতা পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিষয়টি সত্যিই আমার কাছে অনেক অর্থবহ।’

এরপর আরেকটি পোস্টে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও খোলামেলা কথা বলেন বাঁধন। তিনি লেখেন, ‘আল্লাহ আমাদের জন্য কী পরিকল্পনা করে রেখেছেন, তা আমরা কখনোই সত্যিকার অর্থে জানি না।’

বাঁধন জানান, ওই দিন ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে তার। একই সঙ্গে তিনি জানতে পেরেছেন, ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তার থাকার ব্যবস্থার দায়িত্বও নিয়েছে।



এ বিষয়টিকে জীবনের এক ‘অদ্ভুত পরিহাস’ হিসেবে উল্লেখ করে বাঁধন লেখেন, ‘যখন আমার নিজের কিছু মানুষ আমাকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন উৎসব এবং ইতালি সরকার এত আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে।’

জীবনের এই অভিজ্ঞতা তাকে নতুন করে একটি উপলব্ধি দিয়েছে বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘জীবন অদ্ভুতভাবে মনে করিয়ে দেয়- একটি দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় আরেকটি দরজা খুলে দিতে পারেন।’

পোস্টের শেষাংশে বাঁধন লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আগের চেয়ে এখন আমি তাঁর পরিকল্পনার ওপর আরও বেশি আস্থা রাখি।’

এর আগে বৃহস্পতিবার দেওয়া এক পোস্টেও নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন বাঁধন। সেখানে অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং কাছের মানুষদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার অনুভূতির কথা জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তির হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হন তিনি।

ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় দেশে-বিদেশেও অনেকে নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

একেএস/টিএ

মন্তব্য করুন