বরিশালে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৭
ছবি: সংগৃহীত
০৭:২৬ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় মিছিলটি বের করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ব্যানার হাতে সড়কে সংগঠিতভাবে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসেন খানের ছবি দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও ভূমিকা যাচাই করা হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মসূচির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
কেএন/এসএন