© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮৪ বছর বয়সেও কোন ইচ্ছা পূরণ হয়নি অমিতাভের?

শেয়ার করুন:
৮৪ বছর বয়সেও কোন ইচ্ছা পূরণ হয়নি অমিতাভের?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৭ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনে সাফল্যের কমতি নেই। তবে এত অর্জনের পরও একটি অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে তার।

সেটি হলো সংগীত শেখা। ৮৪ বছর বয়সে এসেও সংগীত শিখতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন এই অভিনেতা।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমের আসন্ন একটি পর্বে নিজের এই অপূর্ণ ইচ্ছার কথা জানান অমিতাভ। অনুষ্ঠানটিতে কনটেন্ট ক্রিয়েটর কৃতজ্ঞ নায়ার তার সঙ্গে ‘দিস অর দ্যাট’ নামে একটি খেলা খেলেন।

খেলার একপর্যায়ে কৃতজ্ঞ অমিতাভকে প্রশ্ন করেন, অতীতের কোনো একটি দিন আবার ফিরে পাওয়ার সুযোগ হলে তিনি কোন দিনটি বেছে নেবেন। পাশাপাশি এমন কোনো অভিজ্ঞতা আছে কি না, যা এখনো তার নেওয়া হয়নি কিন্তু নিতে সব সময়ই ইচ্ছা ছিল—সেটিও জানতে চান তিনি।

উত্তরে অমিতাভ বলেন, তার জীবনে এত স্মরণীয় ঘটনা ঘটেছে যে নির্দিষ্ট কোনো একটি দিন বেছে নেওয়া কঠিন। এর পরই নিজের সংগীত শেখার ইচ্ছার কথা জানান তিনি।
 
অমিতাভ বলেন, যারা গান গাইতে পারেন কিংবা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন, তাদের তিনি খুবই প্রশংসা করেন। বিশেষ করে সেতার বাজানো মানুষদের দেখে তার ভালো লাগে। কিন্তু নিজে কখনো সংগীত শেখেননি—এ নিয়ে তার আক্ষেপ রয়েছে।

সংগীত শেখার সুযোগের অপেক্ষায় নিজের বাড়িতে বেশ কিছু বাদ্যযন্ত্রও রেখে দিয়েছেন অমিতাভ। একসময় সেগুলো শেখার ইচ্ছা পূরণ হবে—এমন আশায় এতদিন সেগুলো যত্ন করে রেখেছেন তিনি।

মজা করে অভিনেতা জানান, বাদ্যযন্ত্রগুলোর গলায় ফুলের মালাও পরিয়ে রাখেন তিনি।

তবে ৮৪ বছর বয়সেও সেই ইচ্ছা পূরণ না হওয়ায় মন খারাপ হয় অমিতাভের। তিনি জানান, কাউকে সুন্দর করে গান গাইতে কিংবা সেতার বাজাতে দেখলে তার মনে প্রশ্ন জাগে, তারা এত সুন্দরভাবে কিভাবে পারেন। অথচ তিনি নিজে কখনো সংগীত শেখার সুযোগ পাননি।

অমিতাভের এই স্বীকারোক্তি এসেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমে। অনুষ্ঠানটি সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

এসএন 

মন্তব্য করুন