© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী শুটার ডাবা হারুন গ্রেপ্তার

শেয়ার করুন:
ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী শুটার ডাবা হারুন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারকের অন্যতম সহযোগী শুটার ডাবা হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ডাবা হারুন ওই এলাকার ত্রাস হিসেবে পরিচিত ডেভিড ইমন ও কালা মোবারক বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা-পুলিশের একটি বিশেষ দল মানিকপুর গ্রামের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুটার ডাবা হারুনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডেভিড ইমন ও কালা মোবারক বাহিনীর অন্যতম সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

এমআই/এসএন

মন্তব্য করুন