মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা
ছবি: সংগৃহীত
০৯:০৩ এএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সফরে মঙ্গলবার সিলেটে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সিলেট নগরজুড়ে জোরদার করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও কর্মসূচির স্থানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সড়কের ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউসসহ বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করা হচ্ছে এবং হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
সফরসূচি অনুযায়ী- মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। পরবর্তীতে বিকাল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ এবং ঐতিহাসিক এই সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এদিকে সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপি কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পিজিআর, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরে সর্বোচ্চ সতর্কতামূলক ডিউটি মোতায়েনসহ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
এফআর/এসএন