© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউপি নির্বাচন দ্রুত আয়োজন করতে হবে, সময়ক্ষেপণ নয় : ইসলামী আন্দোলন

শেয়ার করুন:
ইউপি নির্বাচন দ্রুত আয়োজন করতে হবে, সময়ক্ষেপণ নয় : ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে মানুষের ক্ষমতা মানুষের নির্বাচিত প্রতিনিধির কাছে ফিরিয়ে দিতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিল। তারই প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি সরকারের মধ্যেও অনীহা দৃশ্যমান হচ্ছে।

তিনি বলেন, শুরু থেকেই স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হয়েছে। এখন নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করার পর নানা ধরনের আইন ও রীতির কথা বলা শুরু হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়ে দিতে চায়, স্থানীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। বরং দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন করতে হবে।

‘মানুষের ক্ষমতা মানুষের প্রতিনিধির কাছে বুঝিয়ে দিতে হবে’- বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের এই নেতা।

সরকারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের দক্ষতার ঘাটতি দৃশ্যমান। কোনো কোনো ক্ষেত্রে সদিচ্ছার অভাবও পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, একটি নতুন সরকার গঠনের পর কাজ গুছিয়ে নেওয়ার জন্য যে সময় পাওয়া দরকার, এই সরকার তা পেয়েছে। এখন আর আগের সরকার বা আগের রেজিমের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

সভায় দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, প্রচার ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন