© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

শেয়ার করুন:
আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় তারা আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, সারের ডিলার নিয়োগ কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে থাকার কথা থাকলেও সেখানে দলীয়করণ করা হয়েছে। বিএনপি নিজেদের মতো করে যে প্রক্রিয়া চালিয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

এনামুল হকের দাবি, সাধারণ ব্যবসায়ীরা যাতে সুযোগ পান, সে জন্য সারের ডিলার নিয়োগে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। এসব বিষয় নিয়েই মুফতি আমির হামজা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন বলে জানান তিনি।

তবে জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন বলেন, সারের ডিলার নিয়োগের বিষয়ে কারা কীভাবে কাজ করছেন, তা তারা জানেন না। ব্যবসায়ীসহ যাদের আবেদন যোগ্য বলে বিবেচিত হবে, নিয়ম মেনেই তাদের মধ্য থেকে ডিলার নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, কারও রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, তবে ডিলার নিয়োগে অবশ্যই সব নিয়ম অনুসরণ করতে হবে। একই সঙ্গে একজন নারী সংসদ সদস্যকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ কারণেই মহিলা দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান কুতুবউদ্দিন।

মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন