© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করা হচ্ছে: অতিরিক্ত প্রেস সচিব

শেয়ার করুন:
গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করা হচ্ছে: অতিরিক্ত প্রেস সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বিগত সরকারের রেখে যাওয়া বিপুল বিদেশি ঋণের বোঝা মাথায় নিয়ে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে দেশবাসীকে আরও কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় গুজব ছড়িয়ে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পাশের দেশের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছেন দাবি করে আতিকুর রহমান বলেন, ‘আজ সকালে ফেসবুকে দেখলাম, আমাদের দেশের একটি জীর্ণশীর্ণ মন্দির সংস্কারের জন্য ভাঙা হচ্ছে।

কিন্তু পাশের দেশের কিছু লোক ভিডিও বানিয়ে বিকৃতভাবে প্রচার করছে যে, সরকার মন্দির ভেঙে দিচ্ছে। অথচ ওই মন্দিরের সংস্কারকাজে সরকার সহায়তা করছে এবং মন্দিরটির কর্মীরাই ভিডিওতে বলেছেন, সংস্কারের জন্যই সেটি ভাঙা হচ্ছে।
 
আতিকুর রহমান রুম্মন আক্ষেপ করে বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দেখেছি, তার সঙ্গে আমাদের সংবাদপত্র জগতের কিছু লোকও পালিয়েছে। দীর্ঘ ৩৩ বছর সাংবাদিকতা করছি, কিন্তু সাংবাদিক পালিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম দেখলাম।

সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় বিভিন্ন ধরনের চাটুকারিতা দিয়ে এটা-সেটা বানিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই সংবাদপত্র জগতের মানুষ ছিলেন। তিনি একটি স্বনামধন্য জাতীয় দৈনিকের প্রকাশক ছিলেন, যা বিগত সরকার বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার দুদিন আগেও তিনি ওই পত্রিকার প্রকাশকের দায়িত্বে ছিলেন। যারা সমালোচনা করছেন, তাদের মনে রাখা উচিত-প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় সর্বোচ্চ বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, যা খুশি তাই লিখে তাকে বিব্রত করা যাবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণামূলক কাজের প্রশংসা করে আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই তিনি বনানীর কার্যালয়ে বসে দেশের বিভিন্ন বিষয় নিয়ে গভীর গবেষণা করতেন। আজও তাঁর কাছে এসব ফাইল সংরক্ষিত আছে। তাকে প্রশ্ন করলে তিনি মুখস্থ বলে দিতে পারবেন-দেশের কোন থানার কোন এলাকায় কী হয়, কোথায় কৃষি ভালো হয়, কোথায় পরিত্যক্ত পুকুর আছে বা কোথায় মাছ চাষ ভালো হয়। দেশের সব খবর তার নখদর্পণে।’

দেশবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আতিকুর রহমান রুম্মন বলেন, ‘বিগত সরকার হাজার হাজার কোটি টাকার বিদেশি ঋণ আমাদের মাথার ওপর চাপিয়ে গেছে। কাল যে শিশুটি জন্ম নেবে, সেও ঋণের বোঝা নিয়ে জন্মাবে। সরকার গঠনের মাত্র ছয়-সাত মাস পার হতে না হতেই আমরা সরকারকে চেপে ধরেছি। আমাদের আরও কিছুটা ধৈর্য ধরা উচিত।’

গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় সচেষ্ট। গ্যাসের চাপ কমে যাওয়ার পর তিনি শুধু ঘোষণাই দেননি, বরং সার্বক্ষণিক মনিটরিং সেল বসিয়ে তদারকি করছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’

এফআর/টিএ

মন্তব্য করুন